আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়: নাহিদ
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, ২৭ অক্টোবর, ২০২৬:: প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়, সে জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানুষের জীবনদান, অঙ্গহানি ও পঙ্গুত্বের বিনিময়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। কোনো প্রশাসনিক জটিলতায় তাঁদের চিকিৎসা ব্যাহত হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, আহতদের আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং তাঁদের পরিবারকে সামাজিক ও রাজনৈতিক সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। কোনো দলের চেয়ে সরকার ও রাষ্ট্রের পক্ষে তাঁদের জন্য বেশি কিছু করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া উদ্যোগগুলো বর্তমান সরকারকে দেখভাল করতে হবে।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, জুলাই যোদ্ধাদের অবদানের কথা কখনো ভুলে যাওয়া যাবে না। তাঁদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। আহতদের অনেকে হয়তো আর স্বাভাবিক সুস্থতা ফিরে পাবেন না। তাই রাষ্ট্র ও জনগণকে সব সময় তাঁদের পাশে থাকতে হবে।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী নাবিলা তাসনিদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।


