আন্তর্জাতিক নারী দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা : ‘উদ্যোক্তা হতে চাইলে সবসময় বড় স্বপ্ন দেখতে হবে’
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬
দেশ ডেস্ক, ১৩ মার্চ, ২০২৬ : লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ৮ মার্চ রোববার দুপুরে পূর্ব লন্ডনে ক্লাব কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় ক্লাবের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি বাংলার সাবেক সাংবাদিক শামীম চৌধুরী এবং বিবিসির ‘দ্য অ্যাপ্রেন্টিস’ প্রতিযোগিতায় রানার-আপ হওয়া আনিসা খান। তাঁরা তাদের জীবনের বিভিন্ন কঠিন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
সাংবাদিক শামীম চৌধুরী দীর্ঘদিন বিবিসি বাংলা এবং আমেরিকার ভয়েস অব আমেরিকা রেডিওতে কৃতিত্বের সঙ্গে কর্মজীবন অতিবাহিত করেছেন । তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন, দেশের বাইরে একজন নারী সাংবাদিক আন্তর্জাতিক পরিসরে কাজ করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসে থাকাকালীন সময়ে বাংলাদেশের যশোর ও কুষ্টিয়া জেলায় তাদের দুটি বসতবাড়ি জবরদখল হয়ে যাওয়ার করুণ অভিজ্ঞতা এবং এ নিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমার জটিলতার কথাও।
অন্যদিকে বিবিসির ‘দ্য অ্যাপ্রেন্টিস’ প্রতিযোগিতায় রানার-আপ আনিসা খান বলেন, একজন এশিয়ান বংশোদ্ভূত তরুণী হিসেবে তার পথচলা মোটেও সহজ ছিল না। একজন নারী উদ্যোক্তা হিসেবে রেস্টুরেন্ট ব্যবসায় সফল হতে তাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তিনি বলেন, “আমি কখনও হার মানিনি। যারা উদ্যোক্তা হতে চান তাদের সব সময় বড় স্বপ্ন দেখতে হবে এবং সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে।” অনুষ্ঠানে শামীম চৌধুরী ও আনিসা খান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন-এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন ক্লাবের ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন। অনুষ্ঠান সফল করতে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ক্লাবের ট্রেজারার মো. আব্দুল হান্নান।
শুরুর দিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন অতিথি শামীম চৌধুরীকে এবং এক্সিকিউটিভ মেম্বার সাহিদুর রহমান সুহেল অতিথি আনিসা খানকে ফুল দিয়ে স্বাগত জানান।
এরপর আনিসা খানের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার ফারজানা চৌধুরী এবং শামীম চৌধুরীর পরিচিতি তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু। অনুষ্ঠান শেষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের স্মারক উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিসা খানের পিতা, বিশিষ্ট ক্যাটারার্স এবং প্রেস ক্লাবের আজীবন সদস্য ইয়াওর খানসহ ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

