এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন : ‘লুৎফুর ও এসপায়ার পার্টিকে নির্বাচিত করে হাউজিংসহ নানা ক্ষেত্রে বিশাল অর্জন অব্যাহত রাখুন’
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬
লন্ডন, ১৩ এপ্রিল: লেবার পার্টির সাবেক নেতা ও ব্রিটিশ এমপি রাইট অনারেবল জেরেমি করবিন বলেছেন, লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উন্নয়নে বিগত চার বছরে অনেক কাজ করেছেন ও পরিবর্তন এনেছেন। এসব উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আগামী ৭ই মে অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে পুনরায় লুৎফুর রহমান ও এসপায়ার পার্টিকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি লুৎফুর রহমানের দক্ষ লিডারশিপ ,বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য লাভের প্রশংসা করে লুৎফুর রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানান।
গত ১২ এপ্রিল রোববার বিকাল ৬টায় পূর্ব লন্ডনের মারডেল স্ট্রিটস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এসপায়ার পার্টির মেয়রাল লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাউন্সিলর সাঈদ আহমদ ও এসপায়ার সদস্য মিনারা উদ্দিন (মেঘনা)-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন লেস্টারের সাবেক এমপি ক্লাউডিয়া ওয়েব, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ওয়েমেন বেনেট, রোমা কমিউনিটির নেত্রী ডানিয়েলা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেন এমবিই, সোমালি কমিউনিটি নেত্রী ও শিক্ষক নাইমা ওমর, সমাজকর্মী ও ‘লাভ সুইম’-এর পরিচালক লেসলি গ্রিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম মিয়া তালুকদার।
বক্তারা সবাই লুৎফুর রহমানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ারের কোনো বিকল্প নেই।
লুৎফুর রহমানের প্রতি সমর্থন জানিয়ে আরও বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রফিক হায়দার, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট খসরুজ্জামান খসরু, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, কমিউনিটি নেতা মাহফুজ নাহিদ, মাহিন মজুমদার ও কাউন্সিলর সাবিনা আক্তার প্রমুখ।
সকল বক্তাই মেয়র লুৎফুর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে আগামী দিনে এসপায়ার পার্টিকে নির্বাচিত করার আহ্বান জানান।
মেয়র লুৎফুর রহমান তাঁর বক্তব্যে প্রশাসনের অর্জন তুলে ধরে বলেন, আপনারা উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের ভোট দিন। কথা দিচ্ছি, যতদিন দায়িত্বে থাকবো এবং সুস্থভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবো, ততদিন আপনাদের সেবা করে যাবো। আপনারা অস্টেরিটিকে না বলুন, ফান্ড কর্তনকে না বলুন এবং বিনিয়োগকে সমর্থন দিন। তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রায় ১২০টি প্রতিশ্রুতির মধ্যে প্রায় ৯৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বাকি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে তা ৯৭ শতাংশে পৌঁছাবে। তাঁর নেতৃত্বে গৃহীত বেশ কিছু উদ্যোগ শুধু টাওয়ার হ্যামলেটস নয়, বরং সমগ্র যুক্তরাজ্যের জন্যও উদাহরণ সৃষ্টি করেছে।
জেরেমি করবিন এমপি তাঁর বক্তব্যে আরও বলেন, লুৎফুর রহমান ও এসপায়ার পার্টিকে পুনরায় নির্বাচিত করতে আগামী ৭ মে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে এবং বিজয় নিশ্চিত করতে হবে। এসপায়ারকে নির্বাচিত করা মানে হাউজিংসহ চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা এবং সকল মানুষের জন্য সেবার পরিধি আরও বাড়ানো।
অনুষ্ঠানে মেয়র প্রার্থী হিসেবে লুৎফুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সেক্রেটারি শেনালী মিয়া এবং ট্রেজারার সৈয়দ তারেক আব্দুল্লাহ।
চেয়ারম্যান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র লুৎফুর রহমান এবং এসপায়ারের ৪৫ জন কাউন্সিলরকে নির্বাচিত করার আহ্বান জানান।
নির্বাহী মেয়র লুৎফুর রহমান আরও বলেন, “আমি জটিল সমস্যার সমাধান এবং মানুষের জীবনমান উন্নয়নে সবসময় কাজ করেছি। হাউজিং, শিক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, লেইজার সুবিধা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে আমাদের সঙ্গে থাকুন।”
বক্তারা বলেন, মেয়র লুৎফুর রহমানের কিছু কর্মসূচি জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। যুক্তরাজ্যের প্রথম এবং একমাত্র বারা হিসেবে তার কিছু অনন্য অর্জনের মধ্যে রয়েছে- প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল মিল; এতে ৩৮ হাজার শিশু উপকৃত হয়েছে। ১,৫০০ করে ইউনিভার্সিটি গ্রান্ট এবং এ-লেভেলে বছরে ৬০০ করে শিক্ষা ভাতা (ইএমএ); দুটো মিলিয়ে ৫,২০০ শিক্ষার্থী উপকৃত হয়েছে। প্রায় ৭,০০০ নতুন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম। ইয়ুথ সার্ভিসে বছরে ১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ; যার মধ্যে ২০টি ওয়ার্ডে একটি করে ইয়ুথ সেন্টার, মেয়েদের জন্য একটি আলাদা বিশেষায়িত সেন্টার ও একটি নারী সেন্টার রয়েছে। ফ্রি হোম কেয়ারের জন্য বছরে £৪.৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ (এ দেশে ২য় বারা হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন)। ফ্রি সুইমিংয়ে তালিকাভুক্ত ২০ হাজার; লেইজার সুবিধায় ১০৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ। কাউন্সিল মালিকানাধীন ঘরবাড়ির উন্নয়নে ৬০৯ মিলিয়ন পাউন্ডের বাজেট পরিকল্পনা। মে ২০২৬-এর মধ্যে সরবরাহের পথে ৬,৪৪১টি ঘরবাড়ি।

