বেথনাল গ্রীনে ‘উবায়েদ ইসলামিক সেন্টার’ প্রতিষ্ঠায় কমিউনিটির মানুষের সহযোগিতা কামনা
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬

দেশ ডেস্ক, ২৯ এপ্রিল ২০২৬ : আল-উবায়েদ ফাউন্ডেশন পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনের হলিবোশ গার্ডেনে ‘উবায়েদ ইসলামিক সেন্টার’ প্রতিষ্ঠার লক্ষ্যে ৩৫০ হাজার পাউন্ড মুল্যে পারমিসেস ক্রয় করেছে। সংস্থাটি ৩৫ হাজার পাউন্ড ডিপোজিট প্রদান করেছে । বাকি ৩১৫ হাজার পাউন্ড আগামী ৭ মের মধ্যে পরিশোধ করতে হবে । তাই কমিউনিটির দানশীল মানুষের কাছে ডনেশন ও ক্বরজে হাসানা প্রদানের জন্য আহবান জানানো হয়েছে ।
উদ্যোক্তারা জানিয়েছেন, আল উবায়েদ সেন্টার হবে একটি কমিউনিটি হাব। এখানে কুরআন শিক্ষা, যুব সেবা সহ শতাধিক মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।
সেন্টারের সামগ্রিক বিষয়ে কমিউনিটির মানুষকে অবহিত করতে ২৭ এপ্রিল সোমবার দুপুরে ১-হলিবোশ গার্ডেনে এক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম শায়খ আব্দুর রহমান মাদানী, শায়খ মাওলানা ফয়েজ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, মুফতী মওসুফ আহমদ, মুফতী ছালেহ আহমদ, মাওলানা সাহল আল রাজী, আল-আল-উবায়েদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল উবায়েদ ইসলামিক সেন্টারের ফাউন্ডার মুফতী সালাতুর রহমান মাহবুব ও সেক্রেটারী হাফিজ সাইয়্যেদ আহমদ।
এতে জানানো হয়, আল-উবায়েদ ফাউন্ডেশন একটি চ্যারিটি রেজিস্টার্ড সংস্থা । চ্যারিটি নং ১১৯৮১৬০। সংস্থাটি বাংলাদেশে দরিদ্র ও অসহায় মানুষের সেবায় কাজ করার পাশাপাশি যুক্তরাজ্যেও কমিউনিটিতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। এই সংস্থা ২০১২ সালে প্রথমে বেথনাল গ্রীনের কিদিলিস্টন কমিউনিটি সেন্টারে আরবী ক্লাস শুরু করে । পরবর্তীতে ২০১৭ সালে গ্লোভ রোডে এবং ভ্যালান্স রোডে কমিউনিটি সেন্টার ভাড়া করে আরো দুটি শাখা শুরু করে। এই তিনটি শাখায় ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী কুরআন শিক্ষা গ্রহণ করে আসছে । হলিবুশ গার্ডেনের পারমিসেসটি প্রস্তুত হয়ে গেলে তিনটি শাখার শিক্ষার্থীদের এখানে স্থানান্তর করা হবে।



