নো-ভিসা সুবিধা বহাল, পাসপোর্ট ফি ও বিমানভাড়া কমানোর দাবি কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ০১ জুলাই, ২০২৬:: যুক্তরাজ্যের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে এক কমিউনিটি সভা, ঈদ পুনর্মিলনী ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা কমিউনিটিতে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
গত ২৮ জুন রোববার দুপুর ১টায় কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে আনন্দঘন পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ. হান্নান শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ওয়েলস পার্লামেন্টের সদস্য (এমএস) হিউ টমাস। বিশেষ অতিথি ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দিলওয়ার আলী, আলহাজ আলী আকবর, এম. এ. মালিক, গোলাম মর্তুজা, সংগঠনের কোষাধ্যক্ষ শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আসকর আলী, পরিচালক মাহমুদ হোসাইন ও পরিচালক রকিবুর রহমান। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা হালিম উদ্দিন নূরী এবং হাফিজ মাওলানা ফারুক আহমেদ।
সভায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকিস মনসুরসহ বক্তারা প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বাংলাদেশের জন্য নো-ভিসা সুবিধা বহাল রাখা, পাসপোর্ট ফি কমানো, এনআইডি সেবা আরও সহজ ও জনবান্ধব করা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কমানো এবং বিশেষ করে যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী রিটার্ন টিকিটে ২০৭ পাউন্ড কর (ট্যাক্স) বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। এ ছাড়া বক্তারা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করে আরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবি জানান। বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমবে এবং দেশের সঙ্গে তাদের যোগাযোগ আরও সহজ হবে।
উল্লেখ্যশ, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি

