লন্ডনে ডেফোডিল প্রিপারেটরি স্কুলের ওপেন ডে অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৬
খালেদ মাসুদ রনি:: ব্রিটিশ ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে প্রতিষ্ঠিত ডেফোডিল প্রিপারেটরি (ইসলামিক) স্কুলের ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জুলাই রোববার সকালে স্কুলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে নতুন শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে স্কুলের শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক আনিসুজ্জামান। উপপ্রধান শিক্ষক নেয়া চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক স্টিফেন মন্টফোর্ড, আরবি বিভাগের প্রধান মাওলানা আশরাফুল ইসলাম এবং কোরআন বিভাগের প্রধান মাওলানা এরশাদ উল্লাহসহ অন্যরা।
প্রতিষ্ঠানের ডাইরেক্টর আনিসুজ্জামান বলেন, সময় যত গড়াচ্ছে, ইসলামী স্কুলের চাহিদা আমাদের কমিউনিটিতে বাড়ছে। সকল বাবা-মা চান তাঁর সন্তান ভালো হোক। আমাদের ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষা দিতে হলে ইসলামী স্কুলে পড়ানোর বিকল্প নেই। নামমাত্র ফি রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে যারা ভর্তি হবে, তাদেরকে আলাদা করে কোচিংয়ে ভর্তি করাতে হবে না।

