আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, ৭ অক্টোবর ২০২৬ : যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশের একটি প্রতিনিধিদল সপ্তাহব্যাপী সফরে বাংলাদেশে পৌঁছেছে। এপিপিজি অন বাংলাদেশের চেয়ার ও ব্রিটিশ লেবার পার্টির এমপি আপসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলটি ৬ অক্টোবর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সফর কার্যক্রম শুরু করে ।
প্রতিনিধিদলে আরও রয়েছেন লিবারেল ডেমোক্র্যাট সদস্য লর্ড কুরবান হুসেইন এবং স্বতন্ত্র এমপি শওকত আদম ।
সফরের শুরুতেই ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করে। একই দিন তারা বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গেও বৈঠকে অংশ নেয়।
বাংলাদেশ জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পার্লামেন্টারি সম্পর্ক, সংসদীয় কার্যক্রম, তদারকি, জবাবদিহি এবং জনপ্রতিনিধিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সপ্তাহব্যাপী এই সফরে ব্রিটিশ প্রতিনিধিদলটি আরও কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে । বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের চর্চা, কার্যকর নজরদারি, সংসদ সদস্যদের ভূমিকা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।
রাজনৈতিক ও সংসদীয় বৈঠকের পাশাপাশি প্রতিনিধিদলটি বিভিন্ন স্থান পরিদর্শন করবে এবং বাংলাদেশের সুশীল সমাজ ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে।
এসব বৈঠকে সংসদীয় গণতন্ত্র, জনজীবন ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ, মানবাধিকার, জনজবাবদিহি, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশেষ করে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের মানবিক ভূমিকা, আন্তর্জাতিক সহায়তা এবং সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়েও প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত জানবে বলে আশা করা হচ্ছে। এই সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদলকে সহযোগিতা করছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউকে (সিপিএ ইউকে)।
উল্লেখ্য, এপিপিজি অন বাংলাদেশ, যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত একটি আন্তদলীয় গ্রুপ। বাংলাদেশ সম্পর্কে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের মধ্যে বৃহত্তর বোঝাপড়া তৈরি এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কার্যকর যোগাযোগের একটি মাধ্যম হিসেবে কাজ করাই এ গ্রুপের অন্যতম লক্ষ্য। ২০২৪ সালের অক্টোবর থেকে আপসানা বেগম এমপি এপিপিজি অন বাংলাদেশের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফর যুক্তরাজ্য ও বাংলাদেশের পার্লামেন্টারি সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, জবাবদিহি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে ভবিষ্যৎ সংলাপকে আরও বিস্তৃত করবে।


