আ.লীগের প্রতিনিধি দলের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে তারা স্থলবন্দর সীমান্ত এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ জানান। এদিকে প্রতিনিধি দলটির আগমন ঘিরে সীমান্তে সতর্ক অবস্থানে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্রের দাবি, বুধবার দুপুর ১টার দিকে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি আগরতলায় পৌঁছায়। দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। দুপুরে তারা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছান। প্রতিনিধি দলে আরও সাত থেকে আটজন নেতা রয়েছেন বলে জানা গেছে। বিকেলে তারা আগরতলা স্থলবন্দর পরিদর্শন করেন।
বিকেল চারটার দিকে আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট এলাকায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। সেখানে পুলিশ ও এসআরবির সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিকে আওয়ামী লীগের নেতাদের আগরতলায় পৌঁছানোর খবর পেয়ে বিকেলে আখাউড়া স্থলবন্দর সীমান্ত এলাকায় জড়ো হন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মহসীন ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি মো. মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমেদ।
এর আগে আখাউড়ার নারায়ণপুর তিন রাস্তার মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আগরতলায় এসেছে।


