বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: বাংলাদেশসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এসব অংশীদারের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীন আছে। অতিরিক্ত উৎপাদনের অভিযোগ নিয়ে কয়েক মাসের তদন্তের পর বুধবার এই প্রস্তাব দেওয়া হয়েছে।
বাণিজ্যসম্পর্ক পুনর্গঠনে এটি ট্রাম্প প্রশাসনের সবশেষ পদক্ষেপ। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, প্রস্তাবিত শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশ। এটি কার্যকরের আগে জনমত গ্রহণের একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রস্তাব তৈরির সময় বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, বাজারের প্রকৃত চাহিদা ও বাজারনির্ভর নীতিমালার বাইরে গিয়ে এই ১৪টি বাণিজ্য অংশীদার উৎপাদন ও উৎপাদনক্ষমতা বাড়াচ্ছে। এমন অভিযোগ তদন্তের পর নতুন শুল্কের প্রস্তাব তৈরি করা হয়েছে।
গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগে ট্রাম্প ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর পৃথক শুল্ক আরোপ করেন।
এক মার্কিন কর্মকর্তা বলেন, যেসব অংশীদারের ওপর জোরপূর্বক শ্রম ও অতিরিক্ত উৎপাদন- দুই ধরনের শুল্কই প্রযোজ্য হবে, তাদের ক্ষেত্রে শুল্কের মোট হার যোগ হবে না। বরং দুই হারের মধ্যে যেটি বেশি, সেটিই কার্যকর হবে।
যেসব দেশ নতুন প্রস্তাবিত শুল্কের আওতায় পড়তে পারে সেগুলোর মধ্যে আরও আছে- ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উৎপাদনের অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাণিজ্য আইনজীবী রায়ান মাজেরুস। এএফপিকে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের জন্য এই তদন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি হতে পারে।
রায়ান বলেন, অতিরিক্ত উৎপাদন ক্ষমতাসম্পন্ন কারখানাগুলো চাহিদা না থাকলেও উৎপাদন বন্ধ করে না। এর ফলে পণ্যের অতিরিক্ত সরবরাহ, দাম কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চীনসহ অন্য দেশগুলো জোরালো প্রতিবাদ জানাতে পারে। অর্থনীতি চাঙা করতে অতিরিক্ত রপ্তানির ওপর নির্ভরতার অভিযোগ দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছে বেইজিং।
এদিকে পৃথক ঘোষণায়, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর ব্রাজিলের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যসংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় নিষ্ক্রিয় থাকার অভিযোগে ব্রাজিলের বিরুদ্ধে এই প্রস্তাব দেওয়া হয়েছে।


