লন্ডনে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬
দেশ ডেস্ক, ২৬ জুন ২০২৬:: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন সোমবার সন্ধ্যা ৬টায় লন্ডনের দ্য রয়েল রিজেন্সিতে এক আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্জ জালাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আয়োজকদের দাবি, এতে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শেখ হাসিনার বক্তব্যের সময় উপস্থিত ব্যক্তিরা মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং বিভিন্ন সময়ে করতালির মাধ্যমে সমর্থন জানান।
বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতার পর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তিনি দাবি করেন, সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের সমর্থনে আওয়ামী লীগ আবারও শক্ত অবস্থানে ফিরে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, রণজিৎ দাস, আবু জাহিরসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলের সভাপতির বক্তব্য শেষে সভাপতি আলহাজ্জ জালাল উদ্দিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

