ব্র্যাডফোর্ডে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৬
দেশ ডেস্ক, ২৭ জুন ২০২৬:: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েমের যুক্তরাজ্য আগমন উপলক্ষে তাঁর সম্মানে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন ব্র্যাডফোর্ডের কুইন হাউস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নুরুল আমিন তারেকের সভাপতিত্বে এবং সাংবাদিক সারওয়ার হোসেইন ও শেখ আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ইমরান আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মো. আব্দুল খালিক এবং নাশিদ পরিবেশন করেন ইলিয়াস আকরাম।
অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ডাকসুর ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েমকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার আলী জিতু, মনজুর আহমদ, শিবলী শামস চৌধুরী, আবুল কাশেম খান, জাহাঙ্গীর আলম, মাসুম মুর্তজা, মুজিবুর রহমান, মাতাসিন আলী, এখলাছুর রহমান, হাবিবুর রহমানসহ আরও অনেকে।
ব্র্যাডফোর্ড ও এর পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আগত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান, সলিসিটর আনছার হাবিব, সাংবাদিক এম. জি. কিবরিয়া, আজিজুল করিম এবং সাবেক কাউন্সিলর ইসমাইল উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনের কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে আরও এগিয়ে নিতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, আবু সাদিক কায়েমের মতো মেধাবী ও দূরদর্শী শিক্ষার্থীদের নেতৃত্বে দেশ ও জাতি আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত শত শত প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, বর্তমান ডাকসু অতীতের তুলনায় অনেক বেশি সক্রিয়, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, শিক্ষার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে ডাকসু কাজ করছে।
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোর সহযোগিতা, পরামর্শ ও দোয়া অব্যাহত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

