‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৬:: সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনার পর কমিউনিটির শিশু, কিশোর, তরুণ বয়সী এবং পরিবারগুলোর মধ্যে পানি নিরাপত্তা বা ‘ওয়াটার সেফটি’ বিষয়ক সচেতনতা বাড়াতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিভিন্ন উদ্যোগ জোরদার করেছে। গরমের সময় শীতল হতে গিয়ে যেন কেউ ঝুঁকিপূর্ণ খোলা জলাশয়ে সাঁতার কাটার সিদ্ধান্ত না নেয়ার জন্য কাউন্সিল বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।
বর্তমান গরম আবহাওয়ায় নদী, লেক, খাল, কুয়ারি বা রিজার্ভারের মতো উন্মুক্ত জলাশয় অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে। তবে এসব স্থানে এমন অনেক ঝুঁকি থাকে যা ওপর থেকে দেখা যায় না। পানির নিচে লুকিয়ে থাকা স্রোত, হঠাৎ গভীর হয়ে যাওয়া অংশ, ঠান্ডা পানির কারণে ‘কোল্ড ওয়াটার শক’ এবং পানির নিচে থাকা বিভিন্ন বিপজ্জনক বস্তু বা আবর্জনা মুহূর্তের মধ্যে জীবনহানির কারণ হতে পারে।
প্রতি বছর যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে অনিরাপদ জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে তরুণ-তরুণীরা গুরুতর আহত হয় বা প্রাণ হারায়। এ কারণে লাইফগার্ডবিহীন অথবা অনুমোদিত নয় এমন কোনো স্থানে পানিতে নামার ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কাউন্সিল বিশেষভাবে স্মরণ করিয়ে দিয়েছে যে, অনুমোদনহীন জলাশয়, খোলা খাল, শ্যাডওয়েল বেসিন বা অন্য কোনো উন্মুক্ত পানির স্থানে সাঁতার কাটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। অনেক ক্ষেত্রে পানির প্রকৃত গভীরতা বোঝা যায় না এবং পানির নিচে থাকা বস্তুগুলো সাঁতারুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এছাড়া গরম আবহাওয়ার মধ্যেও উন্মুক্ত জলাশয়ের পানি অনেক বেশি ঠান্ডা থাকতে পারে, যা শরীরে আকস্মিক শক সৃষ্টি করে এবং ডুবে যাওয়ার ঝুঁকি বাড়ায়।
সম্প্রতি দুর্ঘটনায় প্রাণ হারানো এক তরুণের পরিবারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান এবং কাউন্সিলের প্রতিনিধিরা সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা পরিবারকে আশ্বস্ত করেন যে এই কঠিন সময়ে পুরো কমিউনিটি তাদের পাশে রয়েছে। আলোচনায় খোলা জলাশয়ে সাঁতার কাটার ঝুঁকি সম্পর্কে আরও ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কমিউনিটি, জমির মালিক, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন এবং বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করে পানি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। লক্ষ্য একটাই, ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এ ধরনের হৃদয়বিদারক ক্ষতির মুখোমুখি না হয়।
বাসিন্দাদের জন্য কাউন্সিলের নিরাপত্তা পরামর্শ হলোঃ নিরাপদ ও তত্ত্বাবধানযুক্ত সুইমিং ভেন্যু ব্যবহার করুন। খোলা জলাশয়ে সাঁতার এড়িয়ে চলুন। কোনো কারণে পানিতে বিপদে পড়লে আতঙ্কিত না হয়ে ‘ফ্লোট টু লিভ’ পদ্ধতি অনুসরণ করুন। পাশাপাশি সবসময় সতর্কতামূলক সাইন ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন।
কাউন্সিল সবাইকে এই গুরুত্বপূর্ণ বার্তাটি পরিবার, বন্ধু এবং প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
মনে রাখুন, সঠিক সময়ে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে।

