জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬
দেশ রিপোর্ট, লন্ডন, ২০ আগস্ট ২০২৬ : জিসিএসই পরীক্ষার ফলাফলে আবারও অসাধারণ সাফল্য অর্জন করেছে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষার্থীরা । গত বছরের তুলনায় এবার ফলাফল আরো ভালো হয়েছে বলে জানা গেছে। ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং অ্যাটেইনমেন্ট ৮-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীরা জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল করেছে । এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে আনন্দের বন্যা বহে যাচ্ছে।
এবার বেশ কয়েকজন শিক্ষার্থী অসাধারণ ফলাফল অর্জন করেছে । তাদের মধ্যে রয়েছেন নিকোল রাখমান — ১১টি জিসিএসই, এর মধ্যে ৮টিতে গ্রেড ৮–৯ । সুরাইয়া ভূঁইয়া — ১১টি জিসিএসই, এর মধ্যে ৮টিতে গ্রেড ৮–৯। লাবিবা নুহা — ১১টি জিসিএসই, এর মধ্যে ৭টিতে গ্রেড ৮–৯। আহমেদ ইব্রাহিম গুদ্দে — ১১টি জিসিএসই, এর মধ্যে ৭টিতে গ্রেড ৮–৯। নাফিস আহসান — ১২টি জিসিএসই, এর মধ্যে ১০টিতে গ্রেড ৭–৯। আবু নুয়ান মজুমদার জান্নাত — ১১টি জিসিএসই, এর মধ্যে ৭টিতে গ্রেড ৭–৯।
আমিরা মোহাম্মদ হুসেইন — ১১টি জিসিএসই, এর মধ্যে ৯টিতে গ্রেড ৭–৯। ইব্রাহিম মোহাম্মদ — ১৪টি জিসিএসই, এর মধ্যে ৮টিতে গ্রেড ৭–৯। তানভীর জাহিদ — ১১টি জিসিএসই, এর মধ্যে ৯টিতে গ্রেড ৭–৯। তিমুর কোঝোগুলভ — ১১টি জিসিএসই, এর মধ্যে ৯টিতে গ্রেড ৭–৯।
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষার্থীরা স্থানীয় অন্যান্য স্কুলের তুলনায় গড়ে বেশি সংখ্যক জিসিএসই বিষয় গ্রহণ করে থাকে । শিক্ষার্থীদের একাধিক ভাষায় জিসিএসই নেওয়ার জন্যও বিশেষভাবে উৎসাহিত করা হয়। ভাষা বিষয়গুলোর মধ্যে রয়েছে আরবি, বাংলা, ফ্রেন্স, ইতালীয়, পর্তুগিজ, ফারসি ও রুশ ভাষা। এর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন অতিরিক্ত যোগ্যতা অর্জনের সুযোগ পায়, অন্যদিকে নিজেদের ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে পারে।
ফলাফল প্রকাশের পর অনুভুতি ব্যক্ত করতে গিয়ে একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী বলেন, গত পাঁচ বছর শিক্ষার্থীদের সামনে নানা চ্যালেঞ্জ ছিল । প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীরা যে নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় । একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক এবং কর্মকর্তাদের নিরলস পরিশ্রম আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
তিনি বলেন, জিসিএসই পরবর্তী শিক্ষাজীবনের জন্য লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষার্থীরা স্থানীয় বিভিন্ন কলেজ ও সিক্সথ-ফর্ম সেন্টারের পাশাপাশি নিউহ্যামের কয়েকটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানেও ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
শিক্ষার্থীদের গন্তব্যের মধ্যে রয়েছে ন্যাশনাল কলেজিয়েট স্কুল, লন্ডন একাডেমি অব এক্সেলেন্স এবং ব্র্যাম্পটন ম্যানর একাডেমির মতো স্বনামধন্য সিক্সথ ফর্ম শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাবে।
জনাব আশিদ আলী আরো বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের জন্য আমাদের কাছে মূলত তিনটি বিষয় প্রত্যাশা করেন—তারা যেন নিরাপদ পরিবেশে বেড়ে ওঠে, ভালো আচরণ ও শিষ্টাচার শিখতে পারে এবং ভালো জিসিএসই ফলাফল অর্জন করে । এর মাধ্যমে তারা যেন ভবিষ্যতে লন্ডনের মতো একটি সিটিতে সফল জীবন গড়ে তুলতে পারে । শিক্ষার্থীদের নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আমরা সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছি ।

