আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করলেন মেয়র লুৎফুর: স্কুল ইউনিফর্ম গ্রান্ট আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৩ সেপ্টেম্বর ২০২৬:: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ মোকাবিলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদান (স্কুল ক্লদিং গ্রান্ট) কর্মসূচির আওতা সম্প্রসারণ করেছে, যার ফলে আরও হাজারো পরিবার তাদের সন্তানের স্কুল ইউনিফর্ম কেনার জন্য আর্থিক সহায়তা পাবে।
নতুন শিক্ষাবর্ষ থেকে শুধু প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরাই নয়, ইয়ার থ্রি এবং ইয়ার টেন-এ উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরাও এই অনুদানের আওতায় আসবে। একই সঙ্গে পরিবারের আয়সীমা ৫০,৩৫০ পাউন্ড থেকে বাড়িয়ে ৬০,০০০ পাউন্ড করা হয়েছে, ফলে আরও বেশি পরিবার এই সহায়তার জন্য আবেদন করতে পারবে। সম্প্রসারিত এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করতে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান মঙ্গলবার কবি নজরুল প্রাইমারি স্কুলে যান এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কিছু সময় কাটান।
এই গ্রান্ট প্রাইমারি স্কুলে ৫০ পাউন্ড এবং সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ১৫০ পাউন্ড পর্যন্ত প্রদান করা হবে। গত বছর চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ৪,৫০০-এর বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে। এর মধ্যে প্রায় ১,৬০০ জন প্রাইমারি এবং ৩,০০০ জন সেকেন্ডারি শিক্ষার্থী রয়েছে। প্রতি সপ্তাহেই নতুন আবেদন অনুমোদন ও অর্থপ্রদান করা হচ্ছে।
এ সময় নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “বারার কমবয়সী জনগোষ্ঠী ও তাদের পরিবারকে সহায়তা করার ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস পথপ্রদর্শক। আমরা ইতোমধ্যে দেশের অন্যতম সেরা সহায়তা প্যাকেজ প্রদান করছি এবং এখন সেটিকে আরও সম্প্রসারণ করেছি। আয়সীমা বৃদ্ধি এবং অতিরিক্ত দুটি শিক্ষাবর্ষকে অনুদানের আওতায় আনার ফলে আরও অনেক পরিবার উপকৃত হবে।”
তিনি এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বলেন, স্বপ্ন বড় করতে হবে ও আশাবাদী থাকতে হবে। তবে এ জন্য পড়াশোনায় মন দিতে হবে এবং অভিভাবক ও শিক্ষকদের সম্মান দিতে হবে। তাদের কথা শুনতে হবে।
তিনি আরও বলেন, “বিনামূল্যে স্কুল মিল, প্রতিটি ওয়ার্ডে ইয়ুথ সেন্টার, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অনুদান এবং ইয়ুথ সার্ভিস বা যুবসেবায় বিনিয়োগের মাধ্যমে কাউন্সিল এমন একটি জনপদ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি শিশু ও তরুণ তাদের আর্থিক পটভূমি নির্বিশেষে সফল হওয়ার সুযোগ পায়।”
শিক্ষাবিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর ফয়সল আহমেদ বলেন, “আমরা চাই টাওয়ার হ্যামলেটসের প্রতিটি শিশু আত্মবিশ্বাসের সঙ্গে নতুন শিক্ষাবর্ষ শুরু করুক এবং তাদের শিক্ষাজীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা পাক। স্কুল ইউনিফর্ম অনুদান কর্মসূচির পরিধি বাড়ানোর মাধ্যমে আমরা আরও বেশি পরিবারকে সহায়তা করতে পারছি, যাতে আর্থিক চাপ শিশুদের শিক্ষা ও অংশগ্রহণে বাধা হয়ে না দাঁড়ায়। এই উদ্যোগটি শিশু, তরুণ এবং পরিবারের জন্য আমাদের বিস্তৃত সহায়তা কর্মসূচির অংশ।”
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬।


