গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, ০৮ অক্টোবর ২০২৬ : গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) রমফোর্ডের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আব্দুল শুকুর আহমেদ। সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি সুলতান আহমেদ ও জয়েন্ট সেক্রেটারি দুলাল আলম।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসেন রব্বানী। পরে স্বাগত বক্তব্য দেন সভাপতি আব্দুল শুকুর আহমেদ। এরপর জেনারেল সেক্রেটারি সুলতান আহমেদ ও ট্রেজারার মনোয়ার আহমেদ তাদের নিজ নিজ রিপোর্ট ট্রাস্টিদের সামনে উপস্থাপন করেন।
রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন সংগঠনের ট্রাস্টি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল আলিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলার শাফি আহমেদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সালেহ আহমেদ সেলিম, ট্রেজারার রওশন উদ্দিন, মাহবুব আলম, মঈনুল ইসলাম, ফখরুল ইসলাম, মো. মাহবুব আলম, গুলজার হোসেন, ফরিদ উদ্দিন, আবুল আজাদ সাবুল ও আবুল ফাওয়াহ।
বক্তারা বলেন, বৃহত্তর দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে নিজ নিজ এলাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসী ও নতুন প্রজন্মের কাছে এলাকার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নিজ এলাকার প্রতি আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা বাড়বে। আর তখনই ট্রাস্টের কার্যক্রমের সফলতা আসবে।
প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বের জন্য পাঁচজন ট্রাস্টি – সালেহ আহমেদ, রওশন উদ্দিন, ফরিদ উদ্দিন, আবুল আজাদ সাবুল ও গুলজার হোসেনকে নতুন কমিটি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা অনুযায়ী তারা ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেন।
এর আগে অনারারি ট্রাস্টি শিব্বির আহমেদ, অনারারি ট্রাস্টি বদরুল হক ও মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল তাদের মতামত তুলে ধরেন।
সভায় ২০২৬-২০২৮ মেয়াদের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ অহিদ উদ্দিনকে সভাপতি, আব্দুল আলিম হাকিমকে সেক্রেটারি এবং আবুল ইয়াসিন ফাওয়াহকে ট্রেজারার মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, ‘আমার প্রতি দৃঢ় আস্থা রেখে বৃহত্তর দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা যে দায়িত্ব দিয়েছেন, তা আমি যথাযথ সম্মান ও কর্তব্যবোধের সঙ্গে পালন করব। আগামী প্রজন্ম যাতে এই ট্রাস্টকে আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নিতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাব।’


