ব্রাডফোর্ডে হাদীর হত্যার প্রতিবাদে সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শহরের স্থানীয় কুইন হাউসে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নর্থ ইংল্যান্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই সভায় সংগঠনের সভাপতি নুরুল আমিন তারেকের সভাপতিত্বে এবং সাংবাদিক সারওয়ার হোসেইন, জাহাঙ্গীর আলম ও শেখ আব্দুল কাইয়ুমের যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় কর্মসূচি পরিচালিত হয়।
সভায় ব্রাডফোর্ড ও পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মনজুর আহমদ, আনোয়ার আলী জিতু, ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান, কাউন্সিলার আশরাফ মিয়া, কাউন্সিলার ইসমাইল উদ্দিন, সাংবাদিক এম জি কিবরিয়া, আবুল কাশেম খান, মাওলানা নজরুল ইসলাম, মুজিবুর রহমান, আজগর খান, মাসুম মর্তুজা প্রমুখ।
বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে নির্বাচনপূর্ব সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সকল অপরাধী ও সন্ত্রাসী দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমরান আহমদ চৌধুরী। পরে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন মুজিবুর রহমান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন সৈয়দ আজগর আলী।
শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে এবং তাকে শাহাদাতের মর্যাদা দান করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি

