প্রবাসী সম্মাননা পেলেন তরুণ উদ্যোক্তা কামরুল আরিফ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫
প্রায় দুই দশক ধরে উদ্যোক্তা ও সমাজসেবীর ভূমিকা পালন করা কামরুল আরিফ সম্প্রতি “প্রবাসী সম্মাননা ২০২৫” অর্জন করেছেন।
গত শনিবার (২৭ ডিসেম্বর) সিলেটের জাতীয় কবি কাজী নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসির তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। দীর্ঘদিন প্রবাসে নেতৃত্ব, সংগঠনমূলক কার্যক্রম এবং জনস্বার্থে নিবেদিত কাজকে রাষ্ট্র গুরুত্ব দিয়ে স্বীকৃতি দিয়েছে।
কামরুল আরিফ একজন অভিজ্ঞ উদ্যোক্তা ও কৌশলগত সংগঠক। যুক্তরাজ্যে তিনি Cube In Estate-এর CEO হিসেবে দায়িত্ব পালন করছেন, যা বাংলাদেশের একটি বৃহত্তম প্রপার্টি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রবাসীদের জন্য যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রপার্টি সুরক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করছে। একই সঙ্গে, Cube In Cloud-এর মাধ্যমে তিনি প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা প্রদান করছেন। তাঁর উদ্যোগগুলো বাংলাদেশে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি করছে, যা স্থানীয় অর্থনীতি এবং যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
কামরুল আরিফ বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর সিলেট জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। শাহজালাল জামেয়া ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শেষ করার পর, ২০০৬ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে আর্কিটেকচার ও কনস্ট্রাকশন বিষয়ে ডিগ্রি অর্জন করে পেশাজীবন শুরু করেন আরবান প্ল্যানার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে।
প্রবাসে থেকেও তিনি জুলাই আন্দোলনের গণতান্ত্রিক আদর্শ ও নাগরিক অধিকারের প্রতি সক্রিয় সমর্থন দিয়ে যাচ্ছেন। শতাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তিনি কমিউনিটি, মিডিয়া, যুব উন্নয়ন ও মানবিক সেবায় অবদান রেখেছেন।
কামরুল আরিফ বলেন, “মাতৃভূমির এমন সম্মাননা দেশ ও কমিউনিটির জন্য আরও নিবেদিত হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করবে। সমাজের সার্বিক উন্নয়নে সব সময় ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”
উল্লেখ্য, প্রবাসে নানা ক্ষেত্রে সিলেট জেলার প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসন, সিলেটের উদ্যোগে প্রথমবারের মতো ছয়টি ক্যাটাগরিতে ১০৩ জন প্রবাসীকে এ সম্মাননা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

