উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সিলেট প্রেস ক্লাব নির্বাচন : সপ্তমবারের মতো সভাপতি মুকতাবিস-উন-নূর, তৃতীয়বারের মতো সিরাজুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬
দেশ ডেস্ক, ২ জানুয়ারি ২০২৬: ঐতিহ্যবাহী সিলেট প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিপুল ভোটে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর । আর সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক-এর চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম। ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সিলেট প্রেস ক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো: ইরফানুজ্জামান চৌধুরী ও সনতু দাস। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন, তবে ভোট দিয়েছেন ৯১ জন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মুকতাবিস-উন-নূর পেয়েছেন ৫৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি ইকরামুল কবির পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন সর্বোচ্চ ৫৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ইয়াহইয়া ফজল পেয়েছেন ৩২ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক এম এ হান্নান । তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ফয়ছল আলম। এ পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করেন কামাল উদ্দিন আহমেদ, মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও কবির আহমদ।
সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন সাকিব আহমদ মিঠু । কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন ইনকিলাবের সিলেট প্রতিনিধি ফয়সাল আমীন । তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন গোলজার আহমেদ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ডেইলী স্টারের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির । তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন শফিক আহমদ শফি।
এছাড়া পাঠাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান । সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের নগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।
নির্বাচনের আগে সকালে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

