লন্ডনে ডিইউএমএ’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬
লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ডিইউএমএ (ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অ্যালামনাই ইউকে)-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ লন্ডন বাংলা প্রেস ক্লাবে সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের সদস্যরা অংশ নেন। সভার শুরুতে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে সদস্যদের উপস্থিতিতে ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন সাজ্জাদ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাহেদ সাম।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ জসিম উদ্দিন সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসে থাকা ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হবে। সাধারণ সম্পাদক সাহেদ সাম সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

