ইস্ট লন্ডনে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৫ জুলাই
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ২২ জুলাই ২০২৬:: পূর্ব লন্ডনের কমিউনিটিভিত্তিক সংগঠন শ্যাডওয়েল স্পোর্টস ক্লাব আগামী ২৫ ও ২৬ জুলাই তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। দুই দিনব্যাপী এই সফটবল ক্রিকেট প্রতিযোগিতায় ৮টি দল ৮-এ-সাইড ফরম্যাটে অংশ নেবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে এবারের আসরটি প্রাণবন্ত হয়ে উঠবে। প্রতিবছরের মতো এবারও টুর্নামেন্টটি ক্রীড়াচর্চার পাশাপাশি কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে ৪০০-এর বেশি সদস্য নিয়ে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাব পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে খেলাধুলার প্রসার, সুস্থ জীবনধারা গড়ে তোলা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। ক্লাবটির বার্ষিক এই টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, দলগত নেতৃত্ব ও শৃঙ্খলার চর্চা বাড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা।
ক্লাবের এক মুখপাত্র বলেন, এই টুর্নামেন্ট শুধু ক্রিকেট প্রতিযোগিতা নয়; এটি কমিউনিটির ঐক্য ও সম্প্রীতির প্রতিফলন। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গঠনে এই আয়োজন সহায়ক ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
টুর্নামেন্টের সব খেলা ক্লাবের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি প্রতিটি ম্যাচের লাইভ স্কোর, ফলাফল ও সূচি পাওয়া যাবে www.play-cricket.com-এ।
আয়োজকরা ক্লাবের সদস্য, পরিবার, স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের এই আয়োজনে অংশগ্রহণ ও সমর্থনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

