টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ২৭ জুলাই ২০২৬: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আগামী সেপ্টেম্বরে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’, যেখানে জুনিয়র, নারী ও পুরুষ বিভাগে একাধিক দলের অংশগ্রহণে জমে উঠবে ক্রিকেটের বর্ণাঢ্য আসর।
কাউন্সিলের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চার দিনব্যাপী এই টুর্নামেন্টের সব খেলা ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর জুনিয়র ও নারী বিভাগের ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। ৬ ও ১২ সেপ্টেম্বর পুরুষ বিভাগের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত পুরুষ বিভাগের ফাইনাল।
টুর্নামেন্টের ড্র শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কাউন্সিল।
লেটস মুভ টাওয়ার হ্যামলেটস, ক্যাপিটাল কিডস ক্রিকেট (প্রতিষ্ঠিত ১৯৮৯), লন্ডন ক্রিকেট লিগ এবং মিডলসেক্স ইন দ্য কমিউনিটি-এর যৌথ অংশীদারিত্বে এই ক্রিকেট উৎসবের আয়োজন করা হচ্ছে।
কাউন্সিলের আশা, এই টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতামূলক ক্রিকেটেই সীমাবদ্ধ থাকবে না; বরং শিশু, নারী ও প্রাপ্তবয়স্কসহ সব বয়সী মানুষের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াবে এবং স্থানীয় কমিউনিটির মধ্যে সম্প্রীতি, অংশগ্রহণ ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।
টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা www.towerhamlets.gov.uk/mayorscup ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা [email protected] ঠিকানায় ই-মেইল করতে পারেন।-সংবাদ বিজ্ঞপ্তি

