সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৮ জুলাই ২০২৬: পরিবার, শিশু, কিশোর-তরুণ এবং সব বয়সী বাসিন্দাদের জন্য গ্রীষ্মকালকে আরও আনন্দময় করে তুলতে ‘সামার অব ফান ২০২৬’ কর্মসূচির আয়োজন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। পুরো গ্রীষ্মজুড়ে বারাজুড়ে থাকছে বিনামূল্যের নানা আয়োজন, যার মধ্যে রয়েছে পারিবারিক ফান ডে, হেরিটেজ ট্রেইল, বাগান পরিচর্যা, খেলাধুলা, সামার রিডিং চ্যালেঞ্জ, সৃজনশীল কর্মশালা ও কমিউনিটি কার্যক্রম।
কাউন্সিল জানায়, এই কর্মসূচির মাধ্যমে বাসিন্দারা একত্রিত হওয়ার, নতুন অভিজ্ঞতা অর্জনের, সক্রিয় জীবনযাপনে উৎসাহিত হওয়ার এবং টাওয়ার হ্যামলেটসের ইতিহাস, সংস্কৃতি ও প্রাণবন্ত কমিউনিটির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে পরিবার নিয়ে পার্কে সময় কাটানো, ফল ও সবজি সংগ্রহের অভিজ্ঞতা অর্জন, সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও থাকছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজমবিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “গ্রীষ্মকাল হওয়া উচিত সুন্দর স্মৃতি তৈরি, নতুন কিছু শেখা এবং পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময়। ‘সামার অব ফান ২০২৬’ সেই সুযোগই এনে দিচ্ছে। শিশু, তরুণ এবং সব বয়সী মানুষের জন্য বিনামূল্যে এমন বৈচিত্র্যময় কর্মসূচি আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এটি তাদের সক্রিয় থাকতে, নতুন দক্ষতা অর্জন করতে এবং টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “পার্কে পারিবারিক ফান ডে, যুব কার্যক্রম, রিডিং চ্যালেঞ্জ, বাগান পরিচর্যা এবং কমিউনিটি ইভেন্ট—সবার জন্যই রয়েছে উপভোগ করার মতো কিছু না কিছু। ‘সামার অব ফান’ মূলত কমিউনিটিকে একত্রিত করা এবং টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসার আরও কারণ খুঁজে পেতে বাসিন্দাদের উৎসাহিত করার একটি উদ্যোগ।”
এবারের কর্মসূচির অন্যতম আকর্ষণ মাইল এন্ড পার্ক চিলড্রেনস পার্ক এবং হোয়াইটহর্স ওপেন স্পেসে আয়োজিত পারিবারিক ফান ডে। সেখানে থাকবে খেলাধুলা, আর্টস অ্যান্ড ক্রাফটস, স্মুদি বাইক, সফট প্লে এবং শিশুদের জন্য নানা বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি হাতে-কলমে বাগান পরিচর্যার কর্মশালায় অংশ নিয়ে শিশুরা ফল ও সবজি চাষ, পরিচর্যা এবং ফসল সংগ্রহের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
বারার আইডিয়া স্টোর ও লাইব্রেরিগুলোতে অনুষ্ঠিত হবে ‘রিড টু দ্য বিট সামার রিডিং চ্যালেঞ্জ’, ‘লেগো বিল্ড দ্য চেঞ্জ’ এবং আরও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম। অন্যদিকে ইয়াং টাওয়ার হ্যামলেটস-এর উদ্যোগে তরুণদের জন্য থাকবে কর্মশালা, শিক্ষা সফর, সামাজিক অনুষ্ঠান ও ক্রীড়াচর্চার সুযোগ।
এ ছাড়া ‘অল পয়েন্টস ইস্ট’-এর ‘ইন দ্য নেইবারহুড’ কর্মসূচির আওতায় চার দিনব্যাপী বিনামূল্যের বিনোদন আয়োজন করা হবে। এতে থাকবে লাইভ সঙ্গীত, থিয়েটার, খেলাধুলা এবং পরিবারকেন্দ্রিক নানা কার্যক্রম।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বাসিন্দাদের এই গ্রীষ্মে নতুন কিছু শেখা, সক্রিয় থাকা, পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটানো এবং এলাকার বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে ‘সামার অব ফান ২০২৬’-এর বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বারাজুড়ে অনুষ্ঠিতব্য সব কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও তথ্য ‘সামার অব ফান ২০২৬’-এর পূর্ণাঙ্গ কর্মসূচিতে পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

