বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ০৯ সেপ্টেম্বর ২০২৬:: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা গত সোমবার (৭ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহনূর মিয়া ও শায়খ মাওলানা নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা মুহিউদ্দীন খান, আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ, সহসমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য মুহাম্মদ জাবির আহমদ প্রমুখ।
সভায় বিগত মাসের সাংগঠনিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা করা হয়। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, তড়িঘড়ি করে জাতীয় সংসদে পাস করা Transfer of Property (Amendment) Act, 2026 কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী। বিএনপির নির্বাচনী ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিল, তারা ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে জাতীয় সংসদে কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী এই আইন পাস করতে যাচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, আল্লাহর নির্ধারিত বিধানের বিরুদ্ধে মানুষের তৈরি কোনো বিধান বা আইন দাঁড় করানোর যেকোনো ছলচাতুরী ইসলামপ্রিয় জনতা রুখে দাঁড়াবে।
সভা শেষে সদ্যপ্রয়াত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও নোয়াখালীর জামিয়া ইসলামিয়া আহলিয়া আমানতপুর মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোশাররফ হোসেনের রুহের মাগফেরাত কামনা এবং লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ আহবাবুর রহমানের অসুস্থ মমতাময়ী মায়ের দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


