তারেক রহমানের প্রেস সচিব হলেন সালেহ শিবলী
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬
দেশ ডেস্ক:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ এ এম সালেহকে (সালেহ শিবলী)।
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া প্রেস সচিব সালেহ শিবলী দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। এরপর তিনি দৈনিক মানব জমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সালেহ শিবলী বাংলাদেশের নারীর ক্ষমতায়ন নিয়ে জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন এশিয়ান ব্রীজে একাধিক নিবন্ধ প্রকাশ করেছেন। প্রবাস জীবনে লন্ডনের বাংলাভাষী টেলিভিশন চ্যানেল এস এ-এ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

