আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ৮ জুলাই ২০২৬: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি, উপমহাদেশের খ্যাতিমান শায়খুল হাদিস ও বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী (রহ.)-এর জীবনাদর্শ ও অবদান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে গত সোমবার (৬ জুলাই) পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ইউকে সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউকে শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। প্রধান আলোচক ছিলেন আল্লামা হবিগঞ্জী (রহ.)-এর কৃতী সন্তান ও জামেয়া ইসলামিয়া উমেদনগর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুরুল হক। বিশেষ আলোচনায় আল্লামা হবিগঞ্জী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান তুলে ধরেন ইউকে জমিয়তের সিনিয়র সহসভাপতি মুফতি আবদুল মুনতাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউন্সিল অব মস্কস টাওয়ার হ্যামলেটসের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামছুল হক এবং মাজাহিরুল উলূম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী।
এ ছাড়া বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহসভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, তাফসীরুল কুরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মইন উদ্দিন খান, সহসাধারণ সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল হাসান, ট্রেজারার হাফিজ রশিদ আহমদ, উপদেষ্টা আলহাজ খালিস মিয়া এবং প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম।
বক্তারা বলেন, আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী (রহ.) ছিলেন উপমহাদেশের অন্যতম শীর্ষ মুহাদ্দিস, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, শায়খুল কুরআন ও শায়খুল বুখারী। তিনি কোরআন-সুন্নাহর গভীর জ্ঞান, আধ্যাত্মিক প্রজ্ঞা, সুন্নাহর অনুসরণ এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তাঁরা বলেন, আল্লামা হবিগঞ্জী (রহ.) ছিলেন শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী (রহ.) ও শায়খুল হিন্দের আদর্শের প্রকৃত উত্তরসূরি। তিনি আল্লামা আব্দুল কাইয়্যুম (রহ.), মুফতি ফয়জুল্লাহ (রহ.), শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ জাকারিয়া (রহ.), আল্লামা ইদরিস কান্দলভী (রহ.), আল্লামা ফখরুদ্দিন মুরাদাবাদী (রহ.) ও আল্লামা ইউসুফ বিন্নূরী (রহ.)-এর মতো মনীষীদের কাছ থেকে হাদিসের সনদ লাভ করেন। এমন উচ্চ মর্যাদার সনদের অধিকারী মুহাদ্দিস এ যুগে সত্যিই বিরল।
বক্তারা আরও বলেন, আল্লামা হবিগঞ্জী (রহ.) আজীবন জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্ব দিয়েছেন এবং ইসলামের দাওয়াত, তাফসিরুল কোরআন, হাদিস শিক্ষা, ঈমানি আন্দোলন ও শিরক-বিদআতের বিরুদ্ধে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশ ছাড়িয়ে আরব বিশ্ব, ইউরোপ ও আমেরিকায় দীর্ঘ সময় ধরে তিনি কোরআন-সুন্নাহর দাওয়াত পৌঁছে দিয়েছেন এবং অসংখ্য মানুষকে ইসলামের সঠিক পথের দিশা দিয়েছেন।
তাঁরা আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী (রহ.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী (রহ.)সহ সব ওলামায়ে কেরামের মাগফিরাত, মর্যাদা বৃদ্ধি এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি


