কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬
দেশ রিপোর্ট, লন্ডন, ১৪ আগস্ট ২০২৬ : ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র সিটিজেন্স প্রজেক্টের উদ্যোগে ১২ মে বুধবার কমিউনিটির ৫৬ জন প্রবীণ সদস্যকে নিয়ে দিনব্যাপী এক আনন্দ-ভ্রমণের আয়োজন করা হয় । পুর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার মধ্যে ইস্ট লন্ডন মসজিদের পেছনের ফিলডগেইট স্ট্রিটে এসে জড়ো হোন প্রবীণরা । এরপর তাঁরা সেখান থেকে ছাদখোলা বাসে চড়ে লন্ডন শহরের বিভিন্ন ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থান ঘুরে দেখেন । প্রবীণরা পর্যায়ক্রমে টাওয়ার অব লন্ডন, সেন্ট পলস ক্যাথিড্রাল, রয়্যাল আলবার্ট হল মিউজিয়াম, হোয়াইট হল, ট্রাফালগার স্কয়ার ও বুশ হাউসসহ লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন। এরপর তারা রিজেন্টস পার্ক মসজিদে সমবেত হয়ে জোহরের নামাজ আদায় করেন।
নামাজ শেষে রিজেন্টস পার্কে মিলিত হয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন। কিছুটা সময় আনন্দঘন পরিবেশে কাটানোর পর তাঁরা হাইড পার্কের পাশ দিয়ে হোয়াইটচ্যাপেলের উদ্দেশে রওনা হন। বিকেল ৪টার দিকে তাঁরা ইস্ট লন্ডন মসজিদের সামনে ফিরে আসেন।
হিন্দু ধর্ম থেকে মুসলিম হওয়া প্রথম মুসলিম ট্যুর গাইড আব্দুল মালিক টেইলর প্রবীণদের ঘুরেদেখা স্থানগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
প্রবীণরা দিনব্যাপী আনন্দভ্রমণ বেশ উপভোগ করেন । আনন্দ-ভ্রমণে প্রবীণদের সঙ্গে ছিলেন ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমদ । আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সিটেজেন্স প্রজেক্টের কো-অর্ডিনেটর মোহাম্মদ মুহিত।
যাত্রার প্রাক্কালে মারিয়াম সেন্টারের সম্মুখে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় মসজিদের সিইও জুনায়ের আহমদ বলেন, আমাদের কমিউনিটিতে বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে একাকীত্বও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, যা অনেক সময় মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে। এই বাস্তবতা বিবেচনায় রেখে মসজিদের প্রবীণ মুসল্লিদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমরা প্রতিষ্ঠা করেছি সিনিয়র সিটিজেন্স প্রজেক্ট।
তিনি বলেন, পুরুষ প্রবীণদের জন্য যেমন আলাদা কার্যক্রম রয়েছে, তেমনি বয়স্ক নারীদের জন্যও পৃথক সেশন পরিচালিত হয় । প্রতি বুধবার নারী ও পুরুষের জন্য আলাদাভাবে এসব সেশন আয়োজন করা হয় । এখানে তারা শুধু সময় কাটান না, বরং একে অন্যের সঙ্গে পরিচিত হন, কথা বলেন, অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং একটি আন্তরিক সামাজিক পরিবেশের অংশ হয়ে ওঠেন।
সিনিয়র সিটিজেন্স প্রজেক্টের কো-অর্ডিনেটর মোহাম্মদ মুহিত বলেন, ১২ আগষ্ট বুধবার ছিলো আমাদের প্রবীণ সদস্যদের জন্য ছিল সত্যিই একটি চমৎকার দিন। সারাদিন তারা আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে কাটিয়েছেন। একটি দিনের জন্য যেন তারা দুশ্চিন্তা, একাকীত্ব ভুলে আনন্দে মেতে উঠেছিলেন।
তিনি বলেন, সিনিয়র সিটিজেন্স প্রজেক্টে যারা অংশ নেন, তাদের সবার বয়সই ষাটের উপরে। আমাদের সঙ্গে ৯৩ বছর বয়সী একজন প্রবীণ সদস্যও রয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন মানুষের জীবন, স্বাস্থ্য ও মানসিক অবস্থায় কী ধরনের পরিবর্তন আসে, তা আমি খুব কাছ থেকে দেখতে পাই।
মোহাম্মদ মুহিত আরও বলেন, আমাদের সদস্যরা বুধবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাদের মনে থাকে—কখন বুধবার আসবে, কখন তারা আবার সবার সঙ্গে মিলিত হবেন। এখানে এসে তারা বড় কোনো আয়োজনের জন্য অপেক্ষা করেন না; বরং একজন আরেকজনের সঙ্গে খোলা মনে কথা বলা, সুখ-দুঃখের গল্প ভাগ করে নেওয়া এবং কিছু সময় একসঙ্গে কাটানোই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ । অনেকের জন্য এই কয়েক ঘণ্টার সামাজিক যোগাযোগই পুরো সপ্তাহের অন্যতম আনন্দের মুহূর্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, কমিউনিটির প্রবীণ মানুষদের শারিরীক ও মানসিক সুস্বাস্থের কথা বিবেচনা করে ইস্ট লন্ডন মসজিদ ২০১৮ সালে সিনিয়র সিটিজেন্স প্রজেক্ট-এর সুচনা করে । সপ্তাহের প্রতি বুধবার পুরুষদের জন্য লন্ডন মুসলিম সেন্টারের তৃতীয় তলায় এবং মহিলাদের জন্য মারিয়াম সেন্টারে দুই ঘণ্টার সেশন পরিচালতি হয় । প্রবীণ পুরুষ ও নারীরা এই দুই দিন সেশনে অংশগ্রহণ করেন। তাদেরকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপদেশ দেওয়া হয় । দুপুরে তাঁদের জন্য পরিবেশন করা হয় হালকা খাবার।
সপ্তাহের এই একটি দিন প্রবীণদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে ওঠে । তারা পরিচিত বন্ধু ও সমবয়সীদের সঙ্গে প্রাণখোলা আড্ডা দেন, হাসি-আনন্দে সময় কাটান এবং কিছু সময়ের জন্য হলেও দৈনন্দিন জীবনের একাকীত্ব ও দুশ্চিন্তা ভুলে থাকেন । এই সেশনে অংশগ্রহণে আগ্রহীরা ইএলএম সিনিয়র সিটিজেন্স প্রজেক্টের কো-অর্ডিনেটর মোহাম্মদ মুহিত-এর সাথে 07960 259155 নাম্বারে যোগাযোগ করতে পারেন। 

