লন্ডনে শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫
পূর্ব লন্ডনের মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে ‘ইনকিলাব মঞ্চ ইউকে’র উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে এক ‘দোয়া ও দ্রোহের মাহফিল’ মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ, সাংস্কৃতিক আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অটল অবস্থানের প্রত্যয়ে আয়োজিত এই মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
ইনকিলাব মঞ্চ ইউকে’র সদস্য নকিব চৌধুরীর সঞ্চালনায় এবং সদস্য সচিব বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার আতাউর রহমান। আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র সেক্রেটারি জেনারেল তৌহিদুল করিম মুজাহিদ, সাংবাদিক মাহবুব আলী খানসুর, এনাম চৌধুরী ও কায়েস আজিজ।
অনুষ্ঠানে দ্রোহের কবিতা আবৃত্তি করেন নকিব চৌধুরী, ডা. ইশ্পিতা এবং ব্যারিস্টার জাকির খান। মঞ্চের সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন সানজিদা, ব্যারিস্টার সাব্বির এবং এনসিপি ইউকে’র আহ্বায়ক শাকুর।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মুজাহিদ রিয়াজ তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ হাদি হত্যার বিচার অবশ্যই হতে হবে। এই বিচার আদায়ে আমরা এক ইঞ্চিও নড়ব না। কোনো পুরনো বন্দোবস্ত বা আপস মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, দেশের মানুষের ট্যাক্সের টাকায় উপদেষ্টা ও বিভিন্ন কমিশন পরিচালিত হলেও কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ হাদিকে যথাযথ সম্মান জানাতে তারা ব্যর্থ। নতুন প্রজন্মের সামনে শহীদ হাদি যে সত্য উন্মোচন করে গেছেন, তা আড়াল করার অপচেষ্টা চলছে। মূলধারার মিডিয়াও পরিকল্পিতভাবে এই সত্য গোপন করছে-এর তীব্র নিন্দা জানাই।
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এইচ এ বান্না শহীদ হাদির আদর্শ ও বার্তা ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমাদের ন্যারেটিভের মালিকানা নিজেদের নিতে হবে। যার যার দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে ইনকিলাব মঞ্চকে এগিয়ে নিতে হবে।
সভাপতির বক্তব্যে বেলাল হোসেন শহীদ হাদির স্মৃতিচারণ করে তার আদর্শে উজ্জীবিত হয়ে অদম্য গতিতে কাজ করার আহ্বান জানান। তিনি ধৈর্য ও ঐক্যের মাধ্যমে আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্বল্প সময়ের নোটিশে দূর-দূরান্ত থেকে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শহীদ হাদির আত্মার মাগফিরাত ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন শায়খ তারিক নাসরুল্লাহ। দোয়ার আগে তিনি বলেন, শহীদ হাদির কণ্ঠ ও দর্শনকে সংস্কৃতির মূল ধারায় ধারণ করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে শহীদ হাদির রেখে যাওয়া দৃষ্টান্ত পুনরুজ্জীবিত করার প্রতীকী উদ্যোগ হিসেবে তার সংস্কৃতি অনুযায়ী ‘বাতাসা ও মুড়ি’ দিয়ে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে ডা. মনোয়ার হোসেন, ব্যারিস্টার ইমতিয়াজ, মাহবুব খানসুর, মনজুর, আহমেদ ও দিদারুল আলম উপস্থিত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

