সমুদ্রসৈকতে আনন্দ আর সম্প্রীতির দিন কাটাল এমসিএ পরিবার
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ২৩ জুলাই ২০২৬:: মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) লন্ডন সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে গত ১৯ জুলাই রোববার ইংল্যান্ডের সাউথএন্ডে এক প্রাণবন্ত পারিবারিক ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৫০ জনের অংশগ্রহণে আয়োজিত এ ভ্রমণ শিশু, কিশোর, তরুণ ও অভিভাবকদের সরব উপস্থিতিতে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সারাদিন সমুদ্রসৈকতজুড়ে শিশু ও তরুণদের হাসি, খেলাধুলা ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো পরিবেশ। বাবা-ছেলে এবং মা-মেয়েদের একসঙ্গে সময় কাটানোর এই আয়োজন পরিবারগুলোর জন্য হয়ে ওঠে আনন্দঘন এক স্মরণীয় অভিজ্ঞতা। বিভিন্ন খেলাধুলা, বিনোদনমূলক কার্যক্রম ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে পরিবারগুলো একে অপরের সঙ্গে সুন্দর সময় উপভোগ করে।
আয়োজকরা জানান, এ ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল বাবা-মা ও সন্তানের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করা এবং শিশু-কিশোরদের মধ্যে ইসলামি মূল্যবোধ, উত্তম নৈতিকতা ও আদর্শ চরিত্র গঠনে উৎসাহিত করা। এমসিএ জানায়, তারা আগামী প্রজন্মকে সমাজের জন্য ইতিবাচক ও অনুকরণীয় নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও তরুণদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক এবং ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. আশরাফ মাহমুদ উজ্জল। বিশেষ অতিথি ছিলেন এমসিএর জাস্টিস সেক্রেটারি ড. মনোয়ার হুসাইন, এমসিএর এক্সিকিউটিভ সদস্য ও লন্ডন সাউথ অঞ্চলের আহ্বায়ক সভাপতি আজাদ মিয়া এবং ক্যাপ্টেন তানভীর।
ড. আশরাফ মাহমুদ উজ্জল শিশুদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ড. মনোয়ার হুসাইন কমিউনিটি সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। আজাদ মিয়া দৈনন্দিন জীবনে আখিরাতমুখী চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং শিশু-কিশোরদের ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করেন।
শিশু, তরুণ ও তরুণীদের জন্য বিভিন্ন খেলাধুলার পাশাপাশি ছিল আকর্ষণীয় বিনোদন, সমুদ্রসৈকত ভ্রমণ, সুস্বাদু খাবার এবং নানা আয়োজন। পুরো যাত্রাপথ নাশিদ, কৌতুক ও প্রাণবন্ত পরিবেশনায় আনন্দমুখর হয়ে ওঠে। দিনের শেষ পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিশুদের উচ্ছ্বাস ও হাসিমাখা মুখ পুরো আয়োজনকে আরও স্মরণীয় করে তোলে।
ভ্রমণের সার্বিক নেতৃত্ব ও সমন্বয়ে ছিলেন এমসিএ লন্ডন সাউথ ইস্ট রিজিয়নের সেক্রেটারি এমদাদুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারি মহিন উদ্দিন মজুমদার এবং ইয়ুথ সেক্রেটারি সলিসিটর মোহাম্মাদ ইকবাল। নারীদের জন্য নির্ধারিত বাসের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ সদস্য নাজমুন নাহার। সার্বিক সমন্বয়ে ছিলেন রাজনা বেগম।
আয়োজকরা এ সফল কর্মসূচি বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য লায়েক মিয়া, দাওয়াহ সেক্রেটারি আবু তাহের সরকার, জাস্টিস সেক্রেটারি আবদুর রউফ, মাওলানা সাইয়েদ শাকিল আহমদ, এমদাদুর রহমান, মহিন উদ্দিন মজুমদার, ড. মনোয়ার হুসাইন, মশাররফ হুসাইন এবং সানওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় পুরো ভ্রমণ সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অংশগ্রহণকারী অভিভাবক ও পরিবারগুলো এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমসিএর পক্ষ থেকে পরিবারকেন্দ্রিক এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

