বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ২২ আগস্ট ২০২৬:: বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন রচিত ‘বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার অনারারি চেয়ারম্যান ও গ্রন্থের প্রকাশক শেখ মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ্ব কবির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন লেখক ও গবেষক ডা. গিয়াস উদ্দিন আহমদ।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলাম, ব্রিটিশ-বাংলাদেশী টিচার্স অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক অধ্যাপক মিসবাহ কামাল, সাবেক প্রধান শিক্ষক আমীর উদ্দিন আহমদ, ওসমানী বিমানবন্দর ক্যাম্পেইন কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রব, ইমিগ্রেশন অ্যাডভাইজার মাহমুদুর রহমান, ডা. আবু মোস্তফাসহ আরও অনেকে।
বক্তারা বালাগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শাহাব উদ্দিন শাহীনের রচিত গ্রন্থটির প্রশংসা করেন। তারা বলেন, বালাগঞ্জ ও ওসমানীনগরের ইতিহাস, ঐতিহ্য, তথ্য ও গুরুত্বপূর্ণ যোগাযোগের বিষয়গুলো একত্র করে বইটি প্রকাশের মাধ্যমে লেখক একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন।
বক্তারা আরও বলেন, গ্রন্থটি বালাগঞ্জ ও ওসমানীনগরের একটি প্রতিচ্ছবি ও তথ্যভিত্তিক ডাইরেক্টরি। বইটি পড়লে পাঠকেরা এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সামগ্রিক চালচিত্র সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয় তথ্যও পাবেন।
অনুষ্ঠানে বক্তারা গ্রন্থে প্রকাশিত শাহাব উদ্দিন শাহীনের ‘শীতলপাটি’ কবিতারও প্রশংসা করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী এ মাটিরই কৃতী সন্তান। তাঁর স্মৃতি ও অবদান এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী বুলু মিয়া। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে নাশতা পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

