কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ২৬ আগস্ট ২০২৬:: যুক্তরাজ্যের ওয়েলসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করানোর দীপ্ত শপথ নেওয়া হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে ২৫ আগস্ট স্থানীয় সময় দুপুর ১২টায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে এ কর্মসূচি পালন করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম. এ. মালিকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন গোলাম মর্তুজা, শেখ মোহাম্মদ আনোয়ার, আবুল কালাম মুমিন, আনোয়ার আলী, ডা. মো. ইরফান উদ্দিন, আব্দুর রউফ, জহির আলী, জুয়েল মিয়া, সাজেল আহমেদ, ইমরান মিয়া, সোয়ানুর রহমান, ইফতেখার আহমেদ, সুমন রহমান, বাবুল ইসলাম, আমিনুর রহমান চৌধুরী, কবির উদ্দিন, সেবুল আলী, শাহেদ মিয়া ও কামরুল ইসলামসহ কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি ও পটলবাট থেকে আসা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন, ১৯৬২ ও ১৯৬৪ সালের আন্দোলন, ছয় দফা, এগারো দফা, শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট, ২১ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ডসহ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণ করা হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহারা দুই লাখের বেশি মা-বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বলেন, সত্য চিরন্তন। সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। আওয়ামী লীগ, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ও অভিন্ন। বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে, ততদিন মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু চির অম্লান হয়ে থাকবেন।
ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. মালিকসহ অন্যান্য নেতৃবৃন্দ দেশের সাম্প্রতিক ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দেশের ইতিহাস-ঐতিহ্য, জাতীয় বীর এবং মহান মুক্তিযুদ্ধের স্মারকগুলোর ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান।
বক্তারা বলেন, এসব ঘটনায় তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার যে কোনো প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। যারা ইতিহাস সৃষ্টি করেছেন, ইতিহাস তাদের নিজের জায়গায় সংরক্ষণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ইতিহাস ও অস্থিমজ্জায় মিশে আছেন।
সভায় বক্তারা বলেন, দেশের সাম্প্রতিক ঘটনাবলি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংসের শামিল। এ ধরনের ঘটনা জাতি কখনো ভুলে যাবে না। সংবাদ বিজ্ঞপ্তি


