প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: প্রবীণ বাসিন্দাদের একাকীত্ব কমানো, মানসিক সুস্থতা বাড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে নতুন ভ্রমণ কর্মসূচি চালুর প্রস্তাব করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। ‘বিনোস’ নামের এ কর্মসূচির আওতায় সারা বছর বিভিন্ন সময়ে প্রবীণদের জন্য সমুদ্রসৈকত, পার্ক ও উদ্যান, জাদুঘর, আর্ট গ্যালারি এবং সাংস্কৃতিক স্থানে ভ্রমণের আয়োজন করা হবে।
এ কর্মসূচির জন্য ৫০ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে কাউন্সিল। এমন সময়ে উদ্যোগটি নেওয়া হয়েছে, যখন বারার অনেক প্রবীণ বাসিন্দা আর্থিক সংকটের পাশাপাশি সামাজিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছেন।
তথ্য অনুযায়ী, প্রবীণদের আয়সংক্রান্ত বঞ্চনার ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস ইংল্যান্ডের সবচেয়ে বঞ্চিত লোকাল অথরিটি এলাকা। বারার ৬১ শতাংশ প্রবীণ বাসিন্দা আয়-বঞ্চিত পরিবারে বসবাস করেন। পরিবহন, বিনোদন ও বিভিন্ন স্থানে প্রবেশমূল্যের ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের পক্ষে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে।
প্রস্তাবিত কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবী, কমিউনিটি ও ধর্মীয় সংগঠনগুলোকে প্রবীণদের জন্য ভ্রমণ ও বিনোদনমূলক কার্যক্রম আয়োজনের জন্য তহবিলের আবেদন করতে আহ্বান জানানো হবে। এর মাধ্যমে বারার বিভিন্ন কমিউনিটির প্রবীণদের কাছে কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া সহজ হবে। পাশাপাশি কাউন্সিল নিজস্ব উদ্যোগে কিছু ভ্রমণ আয়োজনের জন্য ১০ হাজার পাউন্ড ব্যয় করবে। চলাফেরায় অসুবিধা রয়েছে কিংবা অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন এমন প্রবীণদের জন্যও বিশেষ সহায়তার ব্যবস্থা রাখা হবে।
‘বিনোস’ কর্মসূচি কাউন্সিলের দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলার বৃহত্তর উদ্যোগের অংশ। সম্প্রতি আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের সহায়তা, পারিবারিক আয় বৃদ্ধি এবং কমিউনিটির সক্ষমতা জোরদারে ৭ মিলিয়ন পাউন্ডের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে কাউন্সিল।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, বয়স বাড়ার কারণে কেউ যেন নিজের কমিউনিটি থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সেটি নিশ্চিত করা জরুরি। অনেক প্রবীণ বাসিন্দা বাইরে বের হওয়া ও আনন্দদায়ক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ক্ষেত্রে নানা বাধার মুখে পড়েন। সমুদ্রতীরে যাওয়া, জাদুঘর ঘুরে দেখা কিংবা অন্যদের সঙ্গে সময় কাটানোর মতো সাধারণ বিষয়ও অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
তিনি বলেন, ‘বিনোস’ কর্মসূচি নতুন সুযোগ, বন্ধুত্ব ও স্মৃতি তৈরির উদ্যোগ। এটি দারিদ্র্য মোকাবিলা, সুস্থতা বৃদ্ধি এবং বাসিন্দাদের আরও সুখী, স্বাস্থ্যকর ও সামাজিকভাবে সংযুক্ত জীবন নিশ্চিত করার প্রতিশ্রুতির আরেকটি উদাহরণ।
কাউন্সিলের ডেপুটি মেয়র ও বৈষম্য এবং জীবনযাত্রার ব্যয় মোকাবিলাবিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, দারিদ্র্য ও একাকীত্ব প্রায়ই একসঙ্গে চলে। অনেক প্রবীণ সীমিত আয়ে জীবনযাপন করেন এবং খরচের কারণে সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
তিনি বলেন, এ কর্মসূচি শুধু ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানসিক সুস্থতা উন্নত করা, সামাজিক বিচ্ছিন্নতা কমানো এবং মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করবে। বৃহত্তর দারিদ্র্যবিরোধী কার্যক্রমের পাশাপাশি এ উদ্যোগ জীবনের প্রতিটি পর্যায়ে বাসিন্দাদের পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন।
কাউন্সিলের দারিদ্র্যবিরোধী উদ্যোগের আওতায় পরিচালিত গবেষণা ও তথ্য-উপাত্তের ভিত্তিতে কর্মসূচিটি তৈরি করা হয়েছে। গবেষণায় প্রবীণদের আর্থিক সংকট, স্বাস্থ্যগত সমস্যা ও সামাজিক একাকীত্বের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র উঠে এসেছে।
কাউন্সিলের একটি আফটারনুন টি অনুষ্ঠানে অংশ নেওয়া এক বাসিন্দা বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দিনগুলো সহজেই নিঃসঙ্গ হয়ে উঠতে পারে, বিশেষ করে পরিবারের সদস্যরা দূরে থাকলে কিংবা আগের মতো চলাফেরা করা সম্ভব না হলে। একটি ভ্রমণ মানুষকে আনন্দের অপেক্ষা তৈরি করে দেয়, তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো অন্যদের সঙ্গ পাওয়ার সুযোগ।
তিনি বলেন, বাড়িতে একা থাকার পরিবর্তে বাইরে বের হতে পেরে তিনি আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন।
‘বিনোস’ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি অথবা এমন কাউকে চেনেন যিনি এ কর্মসূচিতে অংশ নিতে চান, তারা ইমেইলের মাধ্যমে কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি


