হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর আধুনিকায়নে ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর আধুনিকায়নে প্রায় ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে কাউন্সিল। শিক্ষা, শিল্পকলা, সংস্কৃতি ও কাউন্সিলের বিভিন্ন সেবা একই ছাদের নিচে নিয়ে এসে প্রতিষ্ঠানটিকে আধুনিক ও বহুমুখী কমিউনিটি কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ সংস্কার প্রকল্পের মাধ্যমে বারার অন্যতম ব্যস্ত এ কমিউনিটি কেন্দ্রের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি বাসিন্দাদের জন্য নতুন সুযোগ-সুবিধা তৈরি করা হবে। বর্তমানে প্রতিবছর প্রায় ৪ লাখ ৪২ হাজার মানুষ এ কেন্দ্রের বিভিন্ন সেবা গ্রহণ করেন।
গত ১২ নভেম্বর কাউন্সিলের ক্যাবিনেট সভায় অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ভবনটিতে ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন করা হবে। এর ফলে বাসিন্দাদের শিক্ষা, সৃজনশীল কর্মকাণ্ড, বিভিন্ন সেবা গ্রহণ ও সামাজিক যোগাযোগের জন্য আরও উন্নত পরিবেশ এবং অতিরিক্ত জায়গা তৈরি হবে।
পরিকল্পনার আওতায় আইডিয়া স্টোরে নতুন ওয়ান স্টপ শপ এবং সম্প্রসারিত রেসিডেন্টস হাব চালু করা হবে। এর মাধ্যমে বাসিন্দারা কাউন্সিল ট্যাক্স, বেনিফিট, পার্কিং ও সামাজিক সেবাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি সহায়তা ও পরামর্শ পাবেন। পাশাপাশি বিদ্যমান লাইব্রেরি ও শিক্ষা কার্যক্রমও চালু থাকবে।
বর্তমানে শ্যাডওয়েল সেন্টারে পরিচালিত শিল্পকলা ও প্রাপ্তবয়স্ক শিক্ষা কার্যক্রম হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে স্থানান্তর করা হবে। এ জন্য তৈরি করা হবে বিশেষায়িত শ্রেণিকক্ষ ও শিক্ষার স্থান। ফলে কেন্দ্রটি শিল্পকলা ও প্রাপ্তবয়স্ক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।
সংস্কার প্রকল্পের আওতায় ভবনের হিটিং, কুলিং ও বাতাস চলাচল ব্যবস্থা এবং জ্বালানিসাশ্রয়ী আলোকসজ্জা আধুনিকায়ন করা হবে। এ ছাড়া ছাদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো নবায়ন, প্রবেশগম্যতা বাড়াতে লিফটের উন্নয়ন, নতুন বিশেষায়িত শ্রেণিকক্ষ নির্মাণ এবং নিচতলায় নতুন বাণিজ্যিক ইউনিট ও ক্যাফে চালুর পরিকল্পনা রয়েছে। হোয়াইটচ্যাপেল রোডের সঙ্গে ভবনের সংযোগ উন্নত করতে বাইরের এসকেলেটর অপসারণের পাশাপাশি জ্বালানি দক্ষতা ও জীববৈচিত্র্য উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
নতুন বাণিজ্যিক ইউনিটগুলো স্থানীয় ব্যবসার জন্য সুযোগ তৈরি করবে। এসব ইউনিট থেকে পাওয়া ভাড়া ভবনটির দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় নির্বাহে সহায়তা করবে বলে জানিয়েছে কাউন্সিল।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, হোয়াইটচ্যাপেল ও বারার ভবিষ্যতের জন্য এটি একটি বড় বিনিয়োগ। আইডিয়া স্টোরগুলো স্থানীয় কমিউনিটির প্রাণকেন্দ্র, যেখানে সব বয়সের মানুষ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পান।
তিনি বলেন, আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেলকে আগামী প্রজন্মের জন্যও একটি অগ্রণী কমিউনিটি কেন্দ্র হিসেবে ধরে রাখতে চান তাঁরা। এ উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও সহজপ্রবেশ্য স্থান তৈরি হবে, যেখানে বাসিন্দারা একই ছাদের নিচে কাউন্সিলের সেবা, শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও নতুন সুবিধা পাবেন।
কাউন্সিলের লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজমবিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মিনারা খাতুন বলেন, আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেল এমন একটি স্থান, যেখানে মানুষ একত্রিত হন, নতুন আগ্রহ আবিষ্কার করেন, দক্ষতার বিকাশ ঘটান এবং নিজেদের কমিউনিটির সঙ্গে সংযুক্ত হন।
তিনি বলেন, হোয়াইটচ্যাপেলে শিল্পকলা ও প্রাপ্তবয়স্ক শিক্ষা কার্যক্রম একত্রিত করার ফলে বাসিন্দাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিশেষায়িত শ্রেণিকক্ষ ও শিক্ষার স্থান তৈরির পাশাপাশি লাইব্রেরি এবং অন্যান্য সুবিধার উন্নয়ন কেন্দ্রটিকে আরও আকর্ষণীয়, অনুপ্রেরণাদায়ক ও সবার জন্য স্বাগতপূর্ণ করে তুলবে।
২০০৫ সালে চালু হওয়া আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেল বর্তমানে টাওয়ার হ্যামলেটসের একটি পরিচিত কমিউনিটি কেন্দ্র। লাইব্রেরি সেবা, প্রাপ্তবয়স্ক শিক্ষা, তথ্য ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে হাজারো বাসিন্দাকে সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। কাউন্সিলের এ বিনিয়োগের ফলে ভবনটির পুরোনো অবকাঠামোগত সমস্যার সমাধান হবে এবং আগামী কয়েক দশক ধরে কমিউনিটিকে সেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিস্তারিত নকশা, পরিকল্পনা ও ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০২৮ সালের এপ্রিলে নির্মাণকাজ শুরু হতে পারে। ২০২৯ সালের মার্চে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নির্মাণকাজ চলাকালে ভবনটি প্রায় ১২ মাস বন্ধ থাকবে। এ সময় বর্তমান কেন্দ্রের ১৫ মিনিট হাঁটার দূরত্বের মধ্যে বিকল্প অস্থায়ী স্থানে লাইব্রেরি, শিক্ষা ও তথ্যসেবা চালু রাখার ব্যবস্থা করবে কাউন্সিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে। প্রকল্পের পরবর্তী ধাপে বাসিন্দা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত ও পরামর্শ নিতে গণপরামর্শের আয়োজন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তি


