বেথনাল গ্রীনে ৯৯টি নতুন বাড়ি ও আইডিয়া স্টোর এবং ওয়ান স্টপ শপ নির্মাণের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৭ নভেম্বর ২০২৬: যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রীন এলাকায় ৯৯টি নতুন বাড়ি নির্মাণের পাশাপাশি নতুন আইডিয়া স্টোর ও ওয়ান স্টপ শপ স্থাপনের পরিকল্পনা এগিয়ে গেছে। কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটি দুটি প্রকল্পের পরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত বাড়িগুলোর মধ্যে ৫৭টি সামাজিক ভাড়ার (সোশ্যাল রেন্ট) জন্য বরাদ্দ থাকবে।
প্রকল্প দুটি বাস্তবায়িত হবে সাবেক বেথনাল গ্রীন প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার এবং টমলিনসন ক্লোজ এলাকায়। এগুলো মেয়রস অ্যাক্সেলারেটেড হাউজিং প্রোগ্রামের অংশ। এ কর্মসূচির লক্ষ্য বারাজুড়ে সামাজিক ভাড়ার ও পরিবার উপযোগী আরও বেশি বাড়ি নির্মাণ করা।
বেথনাল গ্রীন রোডের সাবেক প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার এলাকায় নির্মাণ করা হবে ৪৪টি নতুন বাড়ি। এর মধ্যে ২৪টি থাকবে সামাজিক ভাড়ার জন্য। পাশাপাশি ঐতিহাসিক ভিক্টোরিয়ান স্কুল ভবনটি সংরক্ষণ ও সংস্কার করে সেখানে নতুন আইডিয়া স্টোর ও ওয়ান স্টপ শপ প্রতিষ্ঠা করা হবে। এখান থেকে বাসিন্দারা শিক্ষা, তথ্য ও কাউন্সিলের বিভিন্ন সেবা নিতে পারবেন। এ ছাড়া শিশুদের খেলার জায়গাসহ একটি সবুজ মাঠ তৈরি করা হবে।
অন্যদিকে, টমলিনসন ক্লোজের দুটি ভবনে নির্মাণ করা হবে ৫৫টি নতুন বাড়ি। এর মধ্যে ৩৩টি সামাজিক ভাড়ার জন্য বরাদ্দ থাকবে। প্রকল্পের আওতায় ২ থেকে ২০ নম্বর টমলিনসন ক্লোজের বিদ্যমান বাড়িগুলো পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি নতুন ল্যান্ডস্কেপিং, যৌথ খোলা জায়গার উন্নয়ন এবং অ্যালটমেন্ট এলাকার পুনর্বিন্যাস করা হবে।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, টাওয়ার হ্যামলেটসের পরিবারগুলোর জন্য আরও সাশ্রয়ী মূল্যের বাড়ি প্রয়োজন। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে সামাজিক ভাড়ার জন্য ৫৭টি নতুন বাড়ি যুক্ত হওয়ার পাশাপাশি বেথনাল গ্রীনে একটি নতুন আইডিয়া স্টোর প্রতিষ্ঠিত হবে। এটি বাসিন্দাদের পড়াশোনা, শেখা এবং স্থানীয় বিভিন্ন সেবা গ্রহণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।
তবে ডেভেলপমেন্ট কমিটির এ অনুমোদন কিছু পরিকল্পনাসংক্রান্ত শর্ত ও আইনগত বাধ্যবাধকতা পূরণের ওপর নির্ভরশীল। প্রয়োজনীয় সব শর্ত পূরণ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা অনুমোদনপত্র জারি করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি


