রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ০২ জুলাই ২০২৬:: যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন সাহিত্য সংগঠন রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকে-এর মাসিক সাহিত্য সভা গত ২৯ জুন পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদস্যরা স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন। এতে অংশ নেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, কে এম আবু তাহের চৌধুরী, আবদাল হোসেন চৌধুরী, মতসিন আলী, শিহাবুজ্জামান কামাল এবং শিশু সাহিত্যপ্রেমী জয়নাব চৌধুরী।
সাহিত্য বিষয়ক আলোচনায় অংশ নেন শেখ ফারুক আহমদ, জুবেল বেলাল, হাসান চৌধুরী ও হাফেজ কামাল আহমদসহ অন্যান্য সদস্য।
সভায় স্কুলছাত্রী জয়নাব চৌধুরী তার ইংরেজি ভাষায় রচিত বই ‘এ লিপ ইনটু দ্য আননোন’ সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর হাতে তুলে দেন। এ সময় সভাপতি তার নিজের লেখা কাব্যগ্রন্থ ‘রঙের দুনিয়া’ ১২ বছর বয়সী এই প্রতিভাবান লেখিকাকে উপহার দেন।
সভায় সিলেটের বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মাসুদ রাজা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

