নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় জাকির হোসেন (৪০) নামের এক মুদিদোকানিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে নিরীহ মানুষকে হয়রানি করছে পুলিশ। তবে পুলিশের দাবি, জাকিরের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং জাকির নিজেও দলটির সমর্থক।
জাকির হোসেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে। মঙ্গলবার রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জাকিরকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও ক্ষোভ জানান অনেকে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘জুলাইয়ে দেবিদ্বারে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং জুলাই-সংশ্লিষ্ট মামলার আসামি, তারা থানার আশপাশে ঘোরাফেরা করলেও গ্রেফতার হচ্ছে না। আওয়ামী লীগের পদধারী কোনো নেতাকেও আটক করতে দেখা যায় না। অথচ নিরীহ মানুষকে প্রতিদিন গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। জুলাইয়ের পক্ষে যারা রাস্তায় নেমেছিলেন, তাঁদেরও আটক ও হয়রানি করা হচ্ছে। এ হয়রানি থেকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরাও রেহাই পাচ্ছেন না।’
দেবিদ্বার থানার পুলিশের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমার সুনাম ক্ষুণ্ন করতে পুলিশ যা খুশি তাই করছে। প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমার কাছে আসছে।’
জাকিরের স্ত্রী ও সাবেক পৌর কাউন্সিলর শারমিন আক্তারের অভিযোগ, কোনো মামলা বা অভিযোগের কথা না জানিয়ে মঙ্গলবার রাতে একদল পুলিশ তাদের বাড়িতে যায়। জমিজমাসংক্রান্ত বিরোধের বিষয়ে কথা বলার জন্য তার স্বামীকে থানায় ডেকে নেওয়া হয়। পরে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। কারও প্ররোচনায় পুলিশ এমনটি করেছে বলেও দাবি করেন তিনি।
শারমিন আক্তার বলেন, ‘বিয়ের আগে জাকির বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বিয়ের পর তাকে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি। কোনো মিছিল-মিটিংয়েও তিনি অংশ নেননি।’
স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় যুগ আগে জাকির বিএনপির সমর্থক ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নন। তার ছোট ভাই ছাত্রলীগ এবং স্ত্রী মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ১৭ বছরে জাকির বিএনপি বা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি, সভা-সমাবেশ কিংবা মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিলেন না। ব্যক্তিগত বিরোধের জেরে তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে মনে করেন তারা।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘জাকির হোসেনের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জাকিরের গুরুত্বপূর্ণ কোনো পদ-পদবি না থাকলেও তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন।’
জানতে চাইলে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহীন বলেন, শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ নিয়োগের কাজে ব্যস্ত থাকায় তিনি এ বিষয়ে খোঁজ নিতে পারেননি।


