প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএর সদস্য হলেন ড. মুজিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ২৫ আগস্ট ২০২৬:: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য পদে নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতা ও শিক্ষাবিদ ড. এম. মুজিবুর রহমান।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমানকে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), গুণগত মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষাবিদ। তিনি বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নীতি প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নেও কাজ করেছেন।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক এবং সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কো-কনভেনর। তাঁর একাডেমিক সাফল্যের মধ্যে রয়েছে বিএসসি (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণি এবং এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া। তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া নটিংহাম বিশ্ববিদ্যালয় ও বাথ বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেছেন।
যুক্তরাজ্যের লন্ডনে সিটি অ্যান্ড গিল্ডস ও এনসিএফই অনুমোদিত প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনার মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে তাঁর বাস্তব ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে। এসব প্রতিষ্ঠান যুক্তরাজ্যের যোগ্যতা ও পরীক্ষা নিয়ন্ত্রণকারী সংস্থা (অফকোয়াল) অনুমোদিত সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতার সনদ প্রদান করে।

