লন্ডনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এইচএসএলটি
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ২৫ আগস্ট ২০২৬:: লন্ডনে অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছে দ্য হিউম্যানিটারিয়ান অ্যান্ড সেভিং লাইভস ট্রাস্ট।
প্রতি দুই সপ্তাহ পরপর রোববার লন্ডনের স্ট্রাটফোর্ডের সিলভিয়াস কর্নারে এই ফুড ব্যাংক কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট রোববার প্রায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এবারের খাদ্য সহায়তা কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেছে মুসা ড্রাইভিং ট্রেনিং সেন্টার। খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মণি মূসা।
এ ছাড়া উপস্থিত ছিলেন দ্য হিউম্যানিটারিয়ান অ্যান্ড সেভিং লাইভস ট্রাস্ট্রের চেয়ারম্যান আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মানিকুর রহমান গনি, আবুল মিয়া, মুস্তাক আহমেদ, মাহবুবুর রহমান সামিম ও আব্দুল আউয়াল।
সংগঠনটির চেয়ারম্যান আশিকুর রহমান ফুড ব্যাংকের জন্য কেউ খাদ্যসামগ্রী স্পন্সর করতে চাইলে এইচএসএলটি ফুড ব্যাংকের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে সংগঠনের সাধারণ সম্পাদক মানিকুর রহমান গনি খাদ্য ব্যাংকের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আয়োজকেরা বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এ ধরনের মানবিক উদ্যোগ দারিদ্র্য ও খাদ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, দ্য হিউম্যানিটারিয়ান অ্যান্ড সেভিং লাইভস ট্রাস্ট যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা। সংগঠনটি দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

