বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের বার্ষিক পিকনিক সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ২৫ আগস্ট ২০২৬:: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের বহুল প্রতীক্ষিত বার্ষিক পিকনিক-২০২৬ সম্পন্ন হয়েছে।
সমুদ্রের বালুকাবেলা, নীল আকাশ ও নির্মল বাতাসের মনোরম পরিবেশে একঝাঁক লাল জার্সি পরা মানুষের অংশগ্রহণে দিনটি পরিণত হয় আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায়।
পিকনিককে ঘিরে দিনব্যাপী ছিল নানা আয়োজন। হাসি-আনন্দ, আড্ডা, গল্প, গান, কবিতা ও কৌতুকের পাশাপাশি একে অপরের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেন ক্লাবের সদস্যরা। যাত্রাপথেও গাড়ির মধ্যে গান, কবিতা, হাসি-ঠাট্টা ও প্রাণবন্ত আড্ডায় মুখর ছিল পুরো পরিবেশ।
পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্ট। এতে ক্লাবের অনেক সদস্য অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় একটি দল চ্যাম্পিয়ন এবং অন্য একটি দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। তবে আয়োজকদের মতে, এ দিনে জয়-পরাজয়ের চেয়েও বড় ছিল সবার অংশগ্রহণ, বন্ধুত্ব ও একসঙ্গে আনন্দ করার সুযোগ।
খেলাধুলার পাশাপাশি ছিল সুন্দর খাওয়াদাওয়া, পুরস্কার বিতরণ ও আড্ডা। সব মিলিয়ে দিনটি অংশগ্রহণকারীদের জন্য হয়ে ওঠে স্মরণীয়।
আয়োজকেরা বলেন, এটি শুধু একটি পিকনিক ছিল না; বরং পারস্পরিক সম্পর্কের বন্ধন আরও শক্ত করার, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করার এবং বড়লেখার মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানোর একটি আয়োজন।
পিকনিক সফল করতে যারা সামনে ও পেছনে থেকে পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং যারা অংশগ্রহণ করে আয়োজনটিকে প্রাণবন্ত করেছেন, তাদের প্রতি বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের সদস্যরা একইভাবে ঐক্য, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে থাকবেন এবং একে অপরের পাশে দাঁড়াবেন। সংবাদ বিজ্ঞপ্তি

