বিবিসিসি’র সমাবেশ : আলতাব আলী পার্কে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিধিনিষেধ আরোপের প্রস্তাব
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৬ নভেম্বর ২০২৬ : যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ক্রমবর্ধমান সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন (বিবিসিসি)। এ লক্ষ্যে গত রোববার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এক জরুরি পরামর্শ সভায় চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়।
মাওলানা শামসুল হকের সভাপতিত্বে ও কমিউনিটি নেতা সিরাজ হকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বিবিসিসি’র জেনারেল সেক্রেটারি আব্দুশ শুকুর খালিসাদার। সভায় লন্ডনের বিভিন্ন বারার নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা, আইনজীবী, ধর্মীয় নেতা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ প্রায় ১০০ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
২৫ নভেম্বর বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথের মেফেয়ার ভেন্যুর বাইরে সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ ব্রিটেনের রাজপথে ছড়িয়ে পড়ায় কমিউনিটির মধ্যে ক্ষোভ, হতাশা ও উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে জননিরাপত্তা বিঘ্নিত, সামাজিক সম্প্রীতি বিনষ্ট কিংবা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুনাম ক্ষুন্ন হতে দেওয়া যায় না।
সভায় গৃহীত চারটি প্রস্তাবের মধ্যে রয়েছে—জননিরাপত্তা পরিস্থিতির পূর্ণাঙ্গ পর্যালোচনা না হওয়া পর্যন্ত আলতাব আলী পার্কে রাজনৈতিক সভা-সমাবেশের ওপর আইনসম্মত বিধিনিষেধ আরোপ; বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন উপলক্ষে আয়োজিত জনসমাবেশের ওপর অধিকতর তদারকি; পুলিশি তৎপরতা বৃদ্ধি ও কমিউনিটি নিরাপত্তা পর্যবেক্ষণ কমিটি গঠন এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে ব্রিটিশ সরকার ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নীতিগত আলোচনা।
এসব প্রস্তাব বাস্তবায়নে রেডব্রিজ, টাওয়ার হ্যামলেটস ও নিউহাম কাউন্সিলের নেতৃত্ব, মেট্রোপলিটন পুলিশ, ব্রিটিশ হোম অফিস, পররাষ্ট্র দপ্তর ও বাংলাদেশ হাইকমিশনের কাছে পৃথকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে জরুরি গোলটেবিল বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
আব্দুশ শুকুর খালিসাদার বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করা আমাদের উদ্দেশ্য নয়। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সহিংসতা প্রতিরোধ, কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য।
মাওলানা শামসুল হক বলেন, প্রায় এক শতাব্দী ধরে ব্রিটিশ বাংলাদেশিদের বিভিন্ন প্রজন্মের অর্জন ও ত্যাগকে রাজনৈতিক বিভাজনের কারণে বিনষ্ট হতে দেওয়া যাবে না। তিনি সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেফেয়ার ভেন্যুর বাইরে সংঘটিত সহিংস ঘটনার তদন্ত মেট্রোপলিটন পুলিশ ‘অপারেশন স্প্র্যাং’-এর আওতায় পরিচালনা করছে। এ বিষয়ে কারও কাছে তথ্য বা ভিডিও ফুটেজ থাকলে opsprang@met.police.uk ই-মেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
সভায় শান্তিপূর্ণ প্রতিবাদ, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনসম্মত সমাবেশের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান জানিয়ে বলা হয়, ব্রিটেনের রাজপথে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এখনই দৃঢ়, সমন্বিত ও আইনসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে।


