শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি : এমবিই খেতাবে ভূষিত হলেন ওসমানী স্কুলের প্রধান শিক্ষক রেমি
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬
সৈয়দ আব্দুল কাদির : টাওয়ার হ্যামলেটসের ওসমানী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা রেমি আতোয়েবি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাজ্যের রাজার সম্মানসুচক এমবিই খেতাবে ভূষিত হয়েছেন । নববর্ষ ২০২৬ সালের সূচনাতে রাজা এই বিশেষ সম্মাননা ঘোষণা করেন।
এক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক রেমি আতোয়েবি বলেন, কমিউনিটির সেবা করতে পেরে আমি গর্বিত এবং সামনে থাকা কাজের প্রতি সম্পূর্ণভাবে মনোযোগী । আমি নিশ্চিত করতে চাই যে, ওসমানি স্কুলের প্রতিটি শিশু যেন নিজেদের মূল্যবান, সহায়তা-প্রাপ্ত ও অনুপ্রাণিত মনে করে এবং তাদের সেরাটা অর্জনের জন্য ‘আকাশের তারার দিকে হাত বাড়ায়।
প্রায় ২০ বছর আগে রেমি ওসমানী প্রাইমারী স্কুলে হেড টিচার এর দায়িত্ব নেয়ার পর থেকে শিক্ষাক্ষেত্রে এই স্কুলের ব্যাপক সাফল্য সাধিত হয়েছে । বিশেষ করে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মানুবর্তিতা এবং স্কুলের সমাপনী পরীক্ষায় (বিভিন্ন টেস্ট পরীক্ষায়) ছাত্র ছাত্রীরা ভালো রেজাল্ট করছে । দীর্ঘ বছর যাবত এই স্কুলে খুবই দক্ষতা ও আন্তরিকতার সাথে সার্বিক উন্নয়নে হেড টিচার রেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । ছাত্র – ছাত্রীদের বিদ্যালয়ে প্রায় শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উৎসাহিত করেন । তন্মধ্যে উক্ত বিদ্যালয়ে- ব্রেকফাস্ট ক্লাব, আফটার স্কুল ক্লাব, হানড্রেড পারসেন্ট স্কুল অ্যাটেনডেনস এওয়ার্ড, হেড টিচার এওয়ার্ড, টেলেনট স্টুডেন্টস এওয়ার্ড এবং এসব এওয়ার্ডের জন্য মনোনীত ছাত্র- ছাত্রীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমনের সুযোগ প্রদান করা হয় । এ জন্য শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহী হয়ে প্রতিযোগিতায় আগ্রহী হয় । ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলি এবং অভিভাবকদের সাথে সুসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এক্টিভেটিজের মাধ্যমে গেটটুগেদারের আয়োজন করা হয় । তন্মধ্যে- উইন্টার ফেয়ার ফেস্টিভ্যাল, সামার ফেয়ার, বিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ, কফি মর্নিং এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেমিনার ও প্রয়োজনবোধে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ।
বিদ্যালয়ের সার্বিক সাফল্যের জন্য স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ , এডমিন টিম , স্কুলের গভর্নিং বডির সদস্যগণ এবং স্কুলে কর্মরত সকলের প্রতি প্রধান শিক্ষক রেমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্কুলের সার্বিক কার্যক্রমে সব সময় সকলের সহযোগিতা কামনা করেছেন ।
স্কুলের সর্বিক সাফল্যের জন্য তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একটি স্কুল হিসেবে আমরা যে অগ্রগতি অর্জন করেছি, তা কেবলমাত্র আমাদের শিশুদের শেখা ও কল্যাণের প্রতি পারস্পরিক আস্থা, অংশীদারিত্ব এবং যৌথ অঙ্গীকারের ফলেই সম্ভব হয়েছে।

