টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারণা শুরু
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বাড়াতে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে শুরু হয়েছে ১৬ দিনের প্রচারণা। জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ২৫ নভেম্বর শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত।
প্রচারণার লক্ষ্য নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা সম্পর্কে সচেতনতা বাড়ানো, ক্ষতিকর সামাজিক মনোভাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সহিংসতা প্রতিরোধে সবাইকে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা।
এ উপলক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হোয়াইট রিবন ইউকের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এর অংশ হিসেবে বাসিন্দাদের ‘হোয়াইট রিবন প্রমিস’ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ প্রতিশ্রুতির মূল বার্তা হলো, নারীর প্রতি সহিংসতাকে সমর্থন না করা, কোনো অজুহাত না দেওয়া এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে নীরব না থাকা।
কাউন্সিল বাসিন্দাদের এ প্রতিশ্রুতি গ্রহণের পাশাপাশি দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। যৌনতাবাদী মন্তব্য ও ক্ষতিকর আচরণের প্রতিবাদ করা, নারীদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাধ্যমে সবাই সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারেন। বাসিন্দারা অনলাইনে হোয়াইট রিবন প্রতিশ্রুতি গ্রহণের পাশাপাশি টাওয়ার হ্যামলেটসের মেল অ্যালাইশিপ অঙ্গীকারপত্র পূরণ করেও এ উদ্যোগে যুক্ত হতে পারবেন।
১৬ দিনের প্রচারণার অংশ হিসেবে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচিতে গৃহস্থালি নির্যাতন, যৌন সহিংসতা, নারীবিদ্বেষ, অনলাইনে ক্ষতিকর আচরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেবার প্রাপ্যতা এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পাবে। কাউন্সিল ও সহযোগী সংস্থাগুলোর আয়োজিত কর্মসূচির বিস্তারিত ১৬ দিনের প্রচারণার ওয়েবপেজে পাওয়া যাবে। এ ছাড়া সহায়তার প্রয়োজন হলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করা বিভিন্ন সেবার তথ্য কাউন্সিলের সেবা ডিরেক্টরিতে রয়েছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্টবিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর কবির আহমেদ বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারণা সচেতনতা বৃদ্ধি, ক্ষতিকর আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সহিংসতার শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি বলেন, প্রচারণাটি ১৬ দিন বিশেষ গুরুত্ব পেলেও নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, গৃহস্থালি নির্যাতন এবং সব ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় বছরের প্রতিটি দিন কাজ করে যেতে হবে।
কাউন্সিলর কবির আহমেদ আরও বলেন, স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে তারা এমন একটি বারা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবাই নিরাপদ ও সম্মানিত বোধ করবেন। বাসিন্দা, কমিউনিটি সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন অংশীদারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে ইতিবাচক পরিবর্তন আনা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে মানুষকে উৎসাহিত করা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা পাওয়ার পথ দেখানো সম্ভব।
তিনি বলেন, সহিংসতা ও নির্যাতন বন্ধে সবার ভূমিকা রয়েছে। ১৬ দিনের এ প্রচারণা সেই সম্মিলিত দায়িত্বেরই একটি গুরুত্বপূর্ণ স্মারক। সংবাদ বিজ্ঞপ্তি


