লন্ডনে মঞ্চস্থ হলো ‘আম্বা ও ভীষ্ম’, পৌরাণিক প্রেমকাহিনিতে মুগ্ধ দর্শক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: মহাভারতের পৌরাণিক প্রেমকাহিনি ‘আম্বা ও ভীষ্ম’ নিয়ে লন্ডনে মঞ্চস্থ হয়েছে বিশেষ নাটক। সম্প্রতি‘এ সিজন অব ড্রামা’র অংশ হিসেবে বাংলা মুভমেন্ট থিয়েটারের পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। প্রেম, আত্মমর্যাদা, প্রতিশ্রুতি ও সংঘাতের চিরন্তন আখ্যান দর্শকদের মুগ্ধ করে।
মহাভারতের ‘আম্বা ও ভীষ্ম’ উপাখ্যান অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ড. মুকিদ চৌধুরী। সংলাপ রচনায় পৌরাণিক আবহ ও ভাষারীতির সমন্বয় নাটকটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। সংস্কৃতনির্ভর বাংলা ভাষার তদ্ভব শব্দের ব্যবহার এবং সংলাপের গঠনেও ফুটে উঠেছে সেই প্রাচীন সময়ের আবহ।
মহাভারতের বহুমাত্রিক কাহিনির একটি উপাখ্যান আম্বা ও ভীষ্মের গল্প। কিন্তু এর আবেদন কেবল পৌরাণিক সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রেম, আত্মমর্যাদা, পারিবারিক অহংকার, প্রতিশ্রুতি ও ব্যর্থতার যে সংঘাত এ কাহিনিতে উঠে এসেছে, তা আজকের সমাজেও প্রাসঙ্গিক।
নাটকটির মূল বক্তব্যে উঠে এসেছে, প্রেম নিছক আবেগ নয়; এটি মানুষের মর্যাদা ও আত্মপরিচয়েরও অংশ। কোনো সামাজিক স্বার্থ, পারিবারিক দম্ভ কিংবা ব্যক্তিগত প্রতিশ্রুতির সংঘাতে মানুষের আবেগ ও আকাঙ্ক্ষা কীভাবে বিপর্যস্ত হতে পারে, আম্বা ও ভীষ্মের কাহিনি তারই এক মর্মস্পর্শী প্রকাশ।
নাটকের পোশাক, মঞ্চসজ্জা, চরিত্রায়ণ ও আবহসংগীতেও ছিল পৌরাণিক সময়কে জীবন্ত করে তোলার প্রয়াস। অভিনয়শিল্পীদের পরিবেশনা এবং সামগ্রিক মঞ্চায়নে দর্শকেরা যেন কয়েক হাজার বছর আগের এক সমাজের মুখোমুখি হন। নাটক শেষে দর্শকদের অনেকেই অভিনয়শিল্পীদের সঙ্গে ছবি তোলেন। তাঁদের উচ্ছ্বাস ও আগ্রহে পরিবেশনাটির প্রতি মুগ্ধতার প্রকাশ দেখা যায়।
নাটকটির পরিচালনা করেছেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী নিজেই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. শতুপাধর, পার্থসারথি রায়, মৌসুমী শামান্তা, সানজিদ কবির সানি, তাহিরা জিন্নিয়া, সাদিয়া সাবা, আবু সুফিয়ান, সৈকত দত্ত ও এপি দেব সরকার।
সংগীত পরিচালনায় ছিলেন মাজহার আলী শেখ, হারবি গিব্বনস ও প্রত্যাশা দাশ পূজা। নেপথ্য সহযোগিতায় ছিলেন ড. হাসনাইন চৌধুরী।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে প্রযোজনার দায়িত্বে ছিলেন আর্টস ডেভেলপমেন্ট অফিসার কাজী রোকসানা। ইভেন্ট সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন মোশাহিদ আহমদ, কালাম হোসেন ও কামাল হোসেন।
নাটকটির পরিবেশনা দর্শকদের মধ্যে নতুন করে মহাভারতের পৌরাণিক আখ্যান নিয়ে আগ্রহ তৈরি করেছে। যারা এবারের প্রদর্শনী দেখতে পারেননি, তাঁদের জন্য আরেকটি প্রদর্শনীর আয়োজনের প্রত্যাশাও জানিয়েছেন দর্শকদের অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি


